বিনোদ বিহারীর মৃত্যুতে অস্থায়ী রাষ্ট্রপতির শোক
বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তার দেশপ্রেম আগামী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে, বলেন তিনি।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ মাস্টার দা সূর্যসেনের সহযোদ্ধা বিনোদ বিহারী চৌধুরী ১০৩ বছর বয়সে বুধবার কোলকাতার একটি হাসপাতালে মারা যান।
অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, এই বিপ্লবী নেতার জীবন ও কর্ম বাঙালি জাতির বিবর্তন ও উত্তরণের সঙ্গে সম্পৃক্ত। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ, মহান ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এমনকি সাম্প্রতিক জঙ্গিবাদ বিরোধী আন্দোলনে তার ঐতিহাসিক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি বিনোদ বিহারী চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
