২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চার কলেমায় বিশ্বাসীদের নাস্তিক বলা যাবে না’

চার কলেমায় বিশ্বাসীদের নাস্তিক বলা যাবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিযা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেরপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 11:52 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

হেফাজতে ইসলামের সমাবেশ থেকে গনজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের ‘নাস্তিক’ আখ্যায়িত করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি চার কলেমা পড়েছি। চার কলেমা যারা বিশ্বাস করে, তাদেরকে আপনি নাস্তিক বলার কে?

“গণজাগরণ মঞ্চ থেকে ইসলাম বিরোধী কোন কথা হয়েছে এমন কোন প্রমাণ নেই। এতদিন কোন কথা না বলে হঠাৎ করে বলা হচ্ছে গণজাগরণ মঞ্চ ইসলাম বিরোধী।”

মঙ্গলবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর নয়াবিল ইউনিয়ন পরিষদ চত্বরে গরিব দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

কথিত নাস্তিক ব্লগারদের সম্পর্কে এই অাওয়ামী লীগ নেত্রী বলেন, যেসব ব্লগারের বিরুদ্ধে নানা কথা আছে তাদের মধ্যে কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রমাণ সাপেক্ষে তাদের বিচার হবে।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ধর্মকর্ম পালন করেন। সংবিধান সংশোধনের সময় তিনি ইসলামকেই রাষ্ট্রধর্ম রেখেছেন। পাশাপাশি সব ধর্ম পালনের অধিকারের কথাও প্রধানমন্ত্রী বলেছেন।

হেফাজতে ইসলামের ১৩ দফার দাবির মধ্যে ‘নারী-পুরুষের অবাধ বিচরণ’ বন্ধের দাবি প্রসঙ্গে মতিয়া বলেন, একজনের উপার্জনে কিন্ত সংসার চলেনা। তাই বাধ্য হয়েই নারীকে কাজ করতে হয়। ইসলামের প্রথম উম্মত ছিলেন বিবি খাদিজা। তারও কিন্ত ব্যবসা ছিলো। তিনি কিন্ত একজন নারীই ছিলেন।

কৃষিমন্ত্রী হেফাজতে ইসলামের সমালোচনা করে প্রশ্ন রাখেন, দেশে যখন মদ চালু করা হলো এবং প্রিন্সেস লাকী খানদের নাচানো হলো তখন এই প্রতিবাদকারীরা কোথায় ছিলেন?

হেফাজতে ইসলাম এবং শাহবাগের প্রজন্ম চত্বরের সমাবেশ সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন,এ দেশে সবার আন্দোলন করার অধিকার রয়েছে। উভয় সমাবেশেই পানি ছিল ও পুলিশ ছিল। সরকার উভয় সমাবেশেই ‘প্রটেকশন’ দিয়েছে।

এ সময মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মো.আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখছেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী উপজেলার ছয়টি ইউনিয়নের ছয় হাজার গরিব দুস্থদের মাঝে দশ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।