সারাদেশে সর্বাত্মক হরতাল-অবরোধ
দফায় দফায় মিছিল-সমাবেশ ও রাজপথে অবস্থান কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশে শান্তিপূর্ণ হরতাল ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
হেফাজতে ইসলামীকে প্রতিরোধের ডাক দিয়ে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকাল পর্যন্ত এই কর্মসূচিতে কোথাও কোনো ভাংচুর হয়নি।
শনিবার সকাল থেকে প্রায় সব জেলায় দূরপাল্লার বাসসহ অভ্যন্তরীণ সব পথে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল, বন্ধ ছিল দোকানপাটও।
শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থান থেকে লংমার্চ করে শনিবার রাজধানীর সমাবেশের কর্মসূচি দেয় হেফাজতে ইসলাম।
হেফাজতের এই কর্মসূচি প্রতিহত ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার এই হরতালের ডাক দেয়, যাতে সমর্থন দেয় বামপন্থী দলগুলো।
একই দাবিতে শাহবাগ গণজাগরণ মঞ্চ থেকে শনিবার সকাল-সন্ধ্যা সারাদেশে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়।
দেশের বিভিন্ন স্থান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর-
বাগেরহাট: হরতালের সমর্থনে সকাল ১০টায় শহরে বিক্ষোভ মিছিল হয়েছে।
মিছিলটি শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টরস কমান্ডার ফোরাম ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেয়।
শনিবার সকাল থেকে দূরপাল্লার বাসসহ অভ্যন্তরীণ সব রুটে সকল ধরনের যান চলাচল বন্ধ ছিল। শহরের সব দোকানপাট ছিল বন্ধ।
গোপালগঞ্জ: হরতাল সমর্থকরা সকালে সদর উপজেলার হরিদাসপুর নিমতলায় বাস চলাচলে বাধা দেয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা ওই স্থানে হরতালের সমর্থনে পিকেটিং শুরু করে। এ সময় একটি মাহেন্দ্র ট্রাক্টর সেখানে যাত্রীদের নিয়ে আসলে তারা তাতে বাধা দেন।
দিনাজপুর: হরতালের সমর্থনে দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার সেখানেই ফিরে আসে।
এদিকে দিনাজপুরের হিলি স্থল বন্দরে হরতালের কোনো প্রভাব পড়েনি বলে জানান হিলি বন্দরের সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন।
শুক্রবার রাত থেকেই দূরপাল্লার গাড়ি ও ট্রেন চলাচল বন্ধ ছিল। শহরে অল্প সংখ্যক রিকশা, টেম্পু ও নসিমন চলাচল করছে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডের দোয়েল চত্বরে সমাবেশ করে। সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর জিৎ দাস টুটুল, কাজী ইকবাল আহমেদ পরান, এন এন জীবন বক্তব্য রাখেন।
সেখানে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরামের ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশীদ, পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান বীরপ্রতীক প্রমুখ।
হরতালে শহরে হালকা যানবাহন চলাচল করলেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল।
জামালপুর: দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস জামালপুর স্টেশনে এক ঘণ্টা অবরোধ করে রাখে হরতাল সমর্থকরা।
এছাড়া হরতালের সমর্থনে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
যশোর: শহরে হরতালের পক্ষে একাধিক মিছিল হয়েছে।
কোতয়ালি থানার ওসি গোলাম রহমান জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং বিশৃঙ্খলাও ঘটেনি।
মুন্সীগঞ্জ: হরতালের সমর্থনে সকালে মুন্সীগঞ্জ শহরের পুরনো কাছারি চত্বর থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানেই ফিরে আসে।
মিছিলে মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, সেক্টর কমান্ডার্স ফোরামসহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নেয়।
এছাড়া পুরনো কাছারি চত্বরে গণজাগরণ মঞ্চের তরুণরা গান ও স্লোগানের মাধ্যমে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
এদিকে বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান সাংবাদিকদের জানান, গাড়ির অভাবে ফেরি চলছে না।
সদর উপজেলার পাঁচদোনা মোড়ের অপ্রতিরোধ্য নরসিংদী মুক্তিযোদ্ধা স্তম্ভের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, ডেপুটি কমান্ডার পবিত্র রঞ্জন দাস মহাদেব, সহকারী কমান্ডার মো. আরমান মিয়া, সেক্টর কমান্ডারস ফোরাম নেতা মোজাম্মেল হক ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
নেত্রকোনা: হরতাল সমর্থকরা দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল বের করে।
মিছিলটি ছোটবাজার, তেরিবাজার, বড়বাজার হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
মিছিলে নেতৃত্ব দেন নেত্রকোনা পৌর মেয়র ও সাংস্কৃতিক জোটের আহবায়ক প্রশান্ত কুমার রায়, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আবু সিদ্দিক আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল আমিন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদক জালাল উদ্দিন ফকির, জেলা সিপিবির সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান প্রমুখ।
