২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাঠেই তো নামতে দিচ্ছে না’

পুলিশের কড়া পাহারায় রংপুরসহ উত্তরাঞ্চলে পিকেটিংয়ে নামতে পারেনি ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ডেস্ক রিপোর্ট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 07:03 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

পুরনো খবর:

রেলে নাশকতা বগুড়ায়ও
সিরাজগঞ্জে ট্রাকে আগুন

সংগঠনের সভাপতি দেলওয়ার হুসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার রংপুর ও রাজশাহী বিভাগে দিনব্যাপী এই হরতাল ডাকে শিবির।

গত কয়েকদিনে পুলিশের ওপর শিবিরের হামলার পর বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা যায়।

ভোর থেকেই রংপুর নগরীর শাপলা চত্বর মোড়ের চামড়াপট্টিতে শিবির কার্যালয় ঘিরে রাখে পুলিশ।

শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগর সভাপতি মোশতাক আহমেদ সাংবাদিকদের বলেন, “পুলিশ তো নেতাকর্মীদের মাঠেই নামতে দিচ্ছে না।”

জেলা পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ও র‌্যাবের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীতে তিনটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

সাত উপজেলায়ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।

রাস্তায় পিকেটিংয়ের চেষ্টা করার সময় মেডিকেল মোড়, শাপলা চত্বর ও মডার্ন মোড় থেকে শিবিরের ১২ কর্মীকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা রাজ্জাক।

তবে হরতাল শুরুর আগে ভোররাতে মিঠাপুকুর উপজেলায় রংপুর-বগুড়া মহাসড়কে শাহ আমানত ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয়া হয়।

হরতালে সকাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল না করলেও শহরে হাল্কা যান চলাচল করছে।ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

হরতালের আওতামুক্ত থাকায় এইচএসসি ও আলীম পরীক্ষাও চলছে। খোলা রয়েছে অফিস আদালত ও বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান । 

রাজশাহী মহানগরীতেও কড়া পুলিশ পাহারার কারণে পিকেটিং আগের মতো দেখা যায়নি। রাতেই শহরের একটি মেস থেকে অস্ত্র ও বোমাসহ শিবিরের ২৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ ও র‌্যাব।

বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে বিনোদপুর বাজারে পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের সংঘর্ষ হয়েছে।

মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ জানান, দুপুর ১২টার দিকে শিবিরকর্মীরা টায়ার জ্বালিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়তে শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ওই এলাকায় সাত-আটটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মহসিন আলম সাইমুম দাবি করেন, বিনোদপুরের ওই সংঘর্ষে তাদের তিনজনকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে  নগরীর হাদির মোড় ও খড়খড়ি বাইপাস মোড়ে শিবিরকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে পিকেটিংয়ের চেষ্টা চালায়। তবে পুলিশ গেলে তারা পালিয়ে যায়।

পাবনা প্রতিনিধি জানান, সকাল ১১ টার দিকে শিবিরের একটি মিছিল থেকে শহরে বেশ কয়েকটি দোকান ও গাড়ি ভাংচুর করা হয়।

তখন ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে আব্দুল ওয়াদুদ নামে এক শিবিরকর্মীকে আটক করা হয়েছে বলে পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, রাজারামপুর ও মহানন্দা সেতু টোলঘর এলাকায় সকালে হরতালের সমর্থনে মিছিল করে ছাত্রশিবির। রেহাইচর এলাকায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটায় তারা।

সিরাজগঞ্জের কামারখন্দে শিবিরকর্মীরা একটি ট্রাকে আগুন দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি জানিয়েছে।

সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কের ডাওল ওভারব্রিজের কাছে ওই ট্রাকটিতে আগুন দেয়া হয় বলে জানান বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মডেল থানার এএসআই আল মামুন।

এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে উল্লাপাড়ায় দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার ভাংচুর করে পিকেটাররা।

বগুড়া প্রতিনিধি জানান, শিবিরকর্মীরা রাতে আধা কিলোমিটারজুড়ে রেল লাইনের প্যাডেল ক্লিপ খুলে ফেলে।এতে ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত পাঁচ ঘণ্টা  ট্রেন চলাচল বন্ধ ছিল।

সকালে জেলা সদরের ছিলিমপুর এলাকায় মহাসড়কে খুঁটি ফেলে অবরোধের চেষ্টা করে শিবিরকর্মীরা। তখন পুলিশ তাদের ধাওয়া দিলে শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হাতবোমা ছোড়ে।

বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, শিবিরকর্মীরা হাতবোমা ছুড়লে পাল্টা রবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

ঘটনাস্থল থেকে দুই শিবিরকর্মীকে আটক করা হয় বলে ওসি জানান।