রেলে নাশকতা বগুড়ায়ও
কুমিল্লার পর এবার রেলে নাশকতা হয়েছে বগুড়ায়ও।
ইসলামী ছাত্রশিবিরের হরতালকারীরা বুধবার বগুড়ায় আধা কিলোমিটারজুড়ে রেল লাইনের প্যাডেল ক্লিপ খুলে ফেলে।
এতে ভোররাত থেকে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
সংস্কারের পর সকাল ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানান বগুড়া রেল স্টেশনের ব্যবস্থাপক বেঞ্জুরুল আলম।
স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে বগুড়া সদরের কৈচড় এলাকায় রেল লাইনের আধা কিলোমিটারের শতাধিক প্যাডেল ক্লিপ খুলে ফেলে শিবিরকর্মীরা।
প্যাডেল ক্লিপের মাধ্যমে রেললাইনের সঙ্গে স্লিপার জোড়া লাগানো থাকে। ক্লিপ খুলে ফেলার সময় ট্রেন চললে লাইনচ্যুত হওয়ার শঙ্কা ছিল।
বেঞ্জুরুল আলম বলেন, ওই লাইনের ক্লিপগুলো আবার লাগানোর পর সকাল ৮টায় ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
সংগঠনের সভাপতি দেলওয়ার হুসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার রাজশাহী ও রংপুর বিভাগে হরতাল ডেকেছে শিবির।
মঙ্গলবার ১৮ দল ও শিবিরের হরতালের সময় কুমিল্লায় রেললাইনের ফিশ প্লেট তুলে ফেলা হয়। এতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল ১৫ ঘণ্টা বন্ধ ছিল।
