১৫ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
বিকল্প ব্যবস্থায় যাত্রী পারাপার শুরুর ৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ফের শুরু হয়েছে।
হরতালের মধ্যে রেল লাইনের ফিসপ্লেট তুলে ফেলায় মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে কুমিল্লা বিশ্বরোড পদুয়ারবাজার রেলক্রসিংয়ের আন্তঃনগর তূর্ণা নিশিথা দুর্ঘটনায় পড়ে।
এর ১০ ঘণ্টা পর বিকাল ৩টার দিকে বিকল্প ব্যবস্থায় যাত্রী পারাপার শুরু করে রেল কর্তৃপক্ষ।
ওই সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া মহানগর প্রভাতীর যাত্রীরা কুমিল্লার পদুয়ারবাজারে দুর্ঘটনাস্থলের এক প্রান্তে পৌঁছে ৩০০ গজ হেঁটে অন্য প্রান্ত যান। তারপর সেখানে দাঁড় করিয়ে রাখা সূবর্ণ এক্সপ্রেসে চড়ে তারা রওনা হন চট্টগ্রামের উদ্দেশ্যে। একইভাবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সূবর্ণ এক্সপ্রেসের যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হন মহানগর প্রভাতীতে চড়ে।
দুর্ঘটনাকবলিত ট্রেনের সব বগি সরিয়ে ফেলার পর লাইন মেরামত করে রাত পৌনে ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান কুমিল্লা স্টেশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. হামিদুল হক।
মঙ্গলবার রাতের কোনো এক সময় লাইনের ফিসপ্লেট খুলে ফেললে তূর্ণা নিশিথার ইঞ্জিনসহ সাতটি বগি লাইন থেকে বেরিয়ে উল্টে পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে।
এতে আহত হন অন্তত ২০ জন। তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় অন্তত দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয় এবং বিলম্বিত হয় বেশ কয়েকটি ট্রেন।
পরে আখাউড়া ও লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বগি উদ্ধারের কাজ শুরু করে।
এর আগে গত ১৯ মার্চ হরতালের মধ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় বেইস প্লেট খুলে রেল লাইন উপড়ে ফেলায় আন্তঃনগর উপবন এক্সপ্রেসের ইঞ্জিন ও ছয়টি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ ১১ ঘণ্টা বন্ধ থাকে।
আর গত ১ মার্চ ফেনীতে রেল নাইন উপড়ে ফেলায় মহানগর গোধূলী লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে ১১ ঘণ্টা।
এছাড়া গত এক মাসে রাজশাহী, গাজীপুর ও ঢাকার কমলাপুরে ট্রেনে আগুন দেয়া হয়, বগুড়ায় পুড়িয়ে দেয়া হয় রেল স্টেশন। পুলিশ বলছে, যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতাকারী জামায়াত-শিবির এবং তাদের শরিকরাই এসব ঘটনার পেছনে জড়িত।
