কুমিল্লায় বিকল্প ব্যবস্থায় ট্রেনযাত্রী ‘পারাপার’
নাশকতার কারণে তূর্ণা নিশিথা দুর্ঘটনায় পড়ে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল ১০ ঘণ্টা বন্ধ থাকার পর বিকল্প ব্যবস্থায় যাত্রী পারাপার শুরু করেছে রেল কতৃপক্ষ।
ঢাকা থেকে ছেড়ে যাওয়া মহানগর প্রভাতীর যাত্রীরা মঙ্গলবার বিকাল ৩টার দিকে কুমিল্লার পদুয়ারবাজারে দুর্ঘটনাস্থলের এক প্রান্তে পৌঁছে ৩০০ গজ হেঁটে অন্য প্রান্ত যান। তারপর সেখানে দাঁড় করিয়ে রাখা সূবর্ণ এক্সপ্রেসে চড়ে তারা রওনা হন চট্টগ্রামের উদ্দেশ্যে।
একইভাবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সূবর্ণ এক্সপ্রেসের যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হন মহানগর প্রভাতীতে চড়ে।
দুর্ঘটনাকবলিত ট্রেনের সব বগি সরিয়ে বিকালের মধ্যে লাইন মেরামত সম্ভব না হওয়ায় এই বিকল্প ব্যবস্থায় পারাপার শুরু হয় বলে কুমিল্লা রেল স্টেশনের জ্যেষ্ঠ মাস্টার মো. হোসেন মজুমদার জানান।
হরতালের মধ্যে রেল লাইনের ফিসপ্লেট তুলে ফেলায় মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে কুমিল্লা বিশ্বরোড পদুয়ারবাজার রেলক্রসিংয়ের আন্তঃনগর তূর্ণা নিশিথা দুর্ঘটনায় পড়ে।
কুমিল্লা রেলস্টেশনের ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী মো. হামিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতের কোনো এক সময় লাইনের ফিসপ্লেট খুলে ফেলে দেয়া হয়। এ কারণেই ইঞ্জিনসহ সাতটি বগি লাইন থেকে বেরিয়ে উল্টে পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে।”
এতে আহত হন অন্তত ২০ জন। তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অন্তত দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয় এবং বিলম্বিত হয় বেশ কয়েকটি ট্রেন।
পরে আখাউড়া ও লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বগি উদ্ধারের কাজ শুরু করে।
রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার তোফাজ্জেল হোসেন বিকাল ৪টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাইন মেরামত করে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হতে আরো কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
জেলা প্রশাসক রেজাউল আহসান ও পুলিশ সুপার মাহাবুবুর রহমান খবর পেয়েই সকালে ঘটনাস্থলে ছুটে আসেন।
পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, “হরতাল সমর্থকরাই এ নাশকতা ঘটিয়েছে।”
এর আগে গত ১৯ মার্চ হরতালের মধ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় বেইস প্লেট খুলে রেল লাইন উপড়ে ফেলায় আন্তঃনগর উপবন এক্সপ্রেসের ইঞ্জিন ও ছয়টি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ ১১ ঘণ্টা বন্ধ থাকে।
আর গত ১ মার্চ ফেনীতে রেল নাইন উপড়ে ফেলায় মহানগর গোধূলী লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে ১১ ঘণ্টা।
এছাড়া গত এক মাসে রাজশাহী, গাজীপুর ও ঢাকার কমলাপুরে ট্রেনে আগুন দেয়া হয়, বগুড়ায় পুড়িয়ে দেয়া হয় রেল স্টেশন। পুলিশ বলছে, যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতাকারী জামায়াত-শিবির এবং তাদের শরিকরাই এসব ঘটনার পেছনে জড়িত।
