মোবাইল কানে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার
মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হতে গিয়ে প্রাণ হারালেন এক পুলিশ কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেল পুলিশের ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ১০টার দিকে উত্তরার ছয় নম্বর সেক্টরের জয়নাল মার্কেটের সামনে দিয়ে রেলক্রসিং পার হচ্ছিলেন আমিনুল ইসলাম। এ সময় মোবাইল ফোনে কথা বলতে থাকায় ট্রেন চলে আসার বিষয়টি তিনি বুঝতে পারেননি।
বাহাদুরাবাদগামী অগ্নিবীণা এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান পুলিশ পরিদর্শক আমিনুল।
ভোলার পুলিশ সুপার মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিকিৎসার জন্য ১০দিনের ছুটি নিয়ে ২৯ মার্চ ঢাকায় আসেন আমিনুল ইসলাম। দুর্ঘটনাস্থলের কাছে জয়নাল মার্কেটের পাশেই তার বাসা।
