যশোরে সাংবাদিকের ওপর হামলা
যশোরে অভয়নগর উপজেলায় সন্ত্রাসীদের হামলায় এক সাংবাদিক আহত হয়েছেন।
আহত মাসুদ আলম দৈনিক প্রথম আলোর অভয়নগর উপজেলা প্রতিনিধি। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দলী ইউনিয়নের ধোপাদি গ্রামের উলুবটতলা এলাকায় সন্ত্রাসীরা মাসুদের উপর হামলা চালায়।
অভয়নগর থানার ওসি আব্দুস সালেক জানান, সন্ত্রাসীদের হামলায় মাসুদের বাম হাতের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন। হামলার পর স্থানীয় লোকজন সাংবাদিককে অভয়নগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান।
পরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত মাসুদ আলম সাংবাদিকদের জানান, গত ২০ মার্চ প্রথম আলো পত্রিকায় ‘ঝুঁকিহ্রাস প্রকল্পের টাকা নয়ছয়ের যত কৌশল’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।
“ইউএনডিপি’র জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে ওই সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকেই সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস আমাকে হুমকি দিয়ে আসছিলেন।”
হামলার জন্য ওই চেয়ারম্যানকে দায়ী করেন মাসুদ আলম।
খবর পেয়ে যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার জয়দেব ভদ্র আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে যান।
