শিক্ষক নিয়োগ নিয়ে সংঘর্ষ
প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে মাগুরায় মহম্মদপুর উপজেলায় দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। এছাড়া চারটি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
মহম্মদপুর থানার ওসি জানান, আহতদের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ চার জনকে গুরুতর জখম অবস্থায় মাগুরা সদর হাসপাতালে এবং পাঁচ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় আব্দুল হান্নান জানান, রাড়িখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ ও এ নিয়ে গঠিত গোপন কমিটি গঠন নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিএনপি নেতা আবুল কালাম আজাদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস ছালাম সর্দারের সমর্থকদের মধ্যে বিরোধ ছিল।
দুপুর ১২টার দিকে ছালামের লোকজন আবুল কালামকে কুপিয়ে জখম করে। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
