আগাম জামিন পেলেন না শামীম ওসমান
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের আগাম জামিনের আবেদন ফিরিয়ে দিয়েছে হাই কোর্ট।
শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ পাঁচজনের পক্ষে তাদের আইনজীবী আব্দুল বাসেত মজুমদার সোমবার হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন।
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মো. বদরুজ্জামানের অবকাশকালীন বেঞ্চ তাদের বক্তব্য শুনে তা ফিরিয়ে দেন।
আদালত বলেন, শামীম ওসমান এই হত্যা মামলা নিয়ে সংবাদ সম্মেলন করে কথা বলেছেন। তাছাড়া পুলিশ তাকে গ্রেপ্তার করার বিষয়েও কিছু বলেনি। সুতরাং আগাম জামিন দেয়ার কোনো কারণ আদালত দেখছে না।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতা রফিউর রাব্বির ছেলে ত্বকী গত ৬ মার্চ নিখোঁজ হওয়ার দুদিন পর ৮ মার্চ শহরের চারারগোপের শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইভীও গত ১৫ মার্চ চাষাঢ়া শহীদ মিনারে এক সমাবেশ ত্বকী হত্যাকাণ্ডের জন্য শামীম ওসমানকে দায়ী করেন।
ওই সাত জনের মধ্যে রিফাত বিন ওসমান নামের একজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
আর শামীম ও অয়নের সঙ্গে যুবলীগ নেতা জহিরুল ইসলাম পারভেজ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোমবার হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন।
রোববার বিকালে নারায়ণগঞ্জ ক্লাবে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা শামীম ওসমান দাবি করেন, ত্বকীর নিখোঁজ হওয়া এবং তার লাশ উদ্ধারের সময় তিনি দেশের বাইরে ছিলেন। সুতরাং হত্যাকাণ্ডে তার অংশগ্রহণের অভিযোগ সত্য নয়।
৪৮ ঘণ্টার মধ্যে এ অভিযোগ প্রত্যাহার না করলে আইনের আশ্রয় নেয়ারও হুমকি দেন তিনি।
