২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকী হত্যার সময় দেশের বাইরে ছিলাম: শামীম

নিজের বিরুদ্ধে আনা ত্বকী হত্যার অভিযোগ প্রত্যাহার না করা হলে আইনের আশ্রয় নেয়ার হুমকি দিয়েছেন শামীম ওসমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 01:02 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

রোববার বিকালে নারায়ণগঞ্জ ক্লাবে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

নারায়ণগঞ্জের এই আওয়ামী লীগ নেতা বলেন, “ত্বকী নিখোঁজ (হওয়ার) এবং পরে (তার) লাশ উদ্ধারের সময় আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এ হত্যাকাণ্ডে আমার ‘সক্রিয়’ অংশগ্রহণের যে অভিযোগ আনা হয়েছে তা কোনোভাবেই সত্য নয়।”

তার দাবি, এতে প্রমাণিত হয় প্রকৃত খুনিদের বাঁচাতে ঘটনার সঙ্গে ছেলেসহ তার নাম জড়ানো হচ্ছে।

তিনি বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রত্যাহার না করলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব।”

ত্বকী হত্যাকাণ্ডের পর দ্বিতীয় দফা সংবাদ সম্মেলন করলেন শামীম ওসমান। এর আগে ১৬ মার্চ চাষাঢ়ায় হীরা মহলে সংবাদ সম্মেলন করেছিলেন তিনি।

রোববারের সংবাদ সম্মেলনে শামীম নিজের পাসপোর্ট উঁচিয়ে বলেন, “এ পাসপোর্টেই আমার দেশত্যাগ ও দেশে অবতরণের সীলমোহর রয়েছে।”

তবে সেসময় তিনি কোন দেশে অবস্থান করেছিলেন সেসম্পর্কে কিছু জানাতে অস্বীকার করেন।

ত্বকী হত্যাকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিযোগে শামিম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ সাতজনের নাম উল্লেখ করে ২০ মার্চ জেলা পুলিশ সুপারের কাছে একটি অবগতি পত্র দেন নিহতের রফিউর রাব্বি।

সম্মেলনে চাষাঢ়া শহীদ মিনারে শুক্রবারের সমাবেশে দেয়া সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের বক্তব্যের সমালোচনা করেন শামীম।

এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীরও এবিষয়ে বক্তব্য দেয়া উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তার ভাই সেলিম ওসমান, সহ-সভাপতি মঞ্জুরুল হক, বিকেএমইএ সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, জেলা যুবলীগ সভাপতি আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ বিরাজ কুমার সাহা, জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপীনাথ দাস ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামিউল্লাহ মিলন।

গত ৬ মার্চ শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি তানভীর মোহাম্মদ ত্বকী। ৮ মার্চ সকালে শহরের চারারগোপের শীতলক্ষ্যা নদীসংলগ্ন খালে তার লাশ পাওয়া যায়।