২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায়ে: মন্ত্রী

পদ্মা সেতু নির্মাণে বিদেশি প্রস্তাবের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 08:35 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

রোববার যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রকল্পের অগ্রগতি বিষয়ক এক সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইতোমধ্যে মালয়শিয়া ও চীন পদ্মা সেতু নির্মানে আগ্রহ প্রকাশ করে প্রস্তাব দিয়েছে।

“কোরিয়ার প্রস্তাবের কথাও শোনা যাচ্ছে”, বলেন মন্ত্রী।  

মালয়শিয়ার প্রস্তাবের সারসংক্ষেপ সরকারের কাছে দেয়া হয়েছে জানিয়ে যোগাযোগ মন্ত্রী বলেন, প্রস্তাব গ্রহণ করা হবে কি হবে না, কতোটুকু গ্রহণ কর হবে- তা সরকারের সর্বোচ্চ পযায়ের সিদ্ধান্তের ব্যাপার। 

তিনি বলেন, “সর্বোচ্চ পর্যায় থেকে যে সিদ্ধান্ত হবে- সে অনুযায়ী কাজ হবে, অর্থায়ন আমার বিষয় নয়, অর্থ দিবেন আমি কাজ করব।”

গত ফেব্রুয়ারি মাসে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর কাছে ২৩০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব দেয় মালয়শিয়া।

এতে বলা হয়, টোল আদায়ের মাধ্যমে ২৬ বছরে এই অর্থ তুলে নেবে তারা। লাভের ৭০ শতাংশ, অর্থাৎ ৫২০ কোটি ডলার মালয়শিয়া নেবে। বাকি ৩০ শতাংশ বাবদ বাংলাদেশ পাবে ২১৯ কোটি ডলার।

একই মাসে স্পেয়ার এনার্জি ক্রিয়েশনস বেইজিং লিমিটেডের নেতৃত্বে কয়েকটি চীনা কোম্পানির একটি কনসোর্টিয়াম পদ্মা সেতু নির্মাণে ১৯৫ কোটি ডলারের আনুষ্ঠানিক বিনিয়োগ প্রস্তাব দেয় প্রধানমন্ত্রীর কাছে। 

তাদের প্রস্তাবে রাজি থাকলে প্রকল্প ব্যয়ের ২৭৯ কোটি ১০ লাখ ডলারের মধ্যে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ডেভেলপমেন্ট ব্যাংক ১৯৫ কোটি ৪৪ লাখ ডলারের যোগান দেবে। বাকি অর্থ দিতে হবে বাংলাদেশ সরকারকে, যা মোট ব্যয়ের ৩০ শতাংশ।

এ জন্য চীনা কনসোর্টিয়াম কোনো সুদ নেবে না। তারা টোলও তুলবে না। প্রতি মাসে ৮ দশমিক ১৫ মিলিয়ন বা বছরে মোটামুটি ১০ কোটি ডলার হিসাবে ২০ বছরে চীনা বিনিয়োগের অর্থ পরিশোধ করতে হবে বাংলাদেশকে।

সেতুর নির্মাণ কাজের মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তার বিষয়গুলো দেখভালের জন্য বাংলাদেশ সরকার চাইলে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োগ দিতে পারবে। সেক্ষেত্রে এর খরচ বাংলাদেশকেই যোগাতে হবে।

কাদের অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হবে তা এখনো চূড়ান্ত না হলেও মূল পদ্মা সেতু নির্মানের কাজ এ বছরেই শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন যোগাযোগ মন্ত্রী।

মূল পদ্মা সেতু ও নদী শাসনের কাজ এ বছরে শুরু করা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমি সব সময় আশাবাদি মানুষ। এটি নির্ভর করছে অর্থমন্ত্রী ও সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর।… অর্থায়ন চলমান থাকলে সব কাজই চলমান থাকবে।”  

মন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করার সরকারি নির্দেশ রয়েছে। সেখাবেই প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে।

আগামী মে মাসে নিজস্ব অর্থায়নেই জাজিরা পয়েন্টে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু হবে। তার পরপরই দরপত্র ডেকে মাওয়া পয়েন্টে সংযোগ সড়কের কাজ শুরু করা হবে বলে মন্ত্রী জানান।

পদ্মা প্রকল্প বাস্তবায়নে ২০১১ সালের মাঝামাঝি সময়ে বিশ্ব ব্যাংকসহ কয়েকটি দাতা সংস্থার সঙ্গে ঋণচুক্তি করে সরকার।  চুক্তি অনুসারে প্রকল্পের মূল অর্থদাতা বিশ্ব ব্যাংকের দেয়ার কথা ছিল ১২০ কোটি ডলার।

কিন্তু পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে  চুক্তির কয়েক মাসের মাথায় অর্থায়ন স্থগিত করে বিশ্ব ব্যাংক। এক বছরেরও বেশি সময় ধরে টানাপড়েনের পর তাদের ‘না’ বলে দেয় সরকার। প্রকল্প থেকে মূল অর্থদাতা সরে যাওয়ায় সহযোগী দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামী উন্নয়ন ব্যাংক ও জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকাও সরে যায়।

এরপরই সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানায়।

পুরনো খবর:

পদ্মা সেতু: ১৯৫ কোটি ডলারের প্রস্তাব চীনের
পদ্মা সেতু: ২৩০ কোটি ডলারের প্রস্তাব মালয়শিয়ার