পদ্মা সেতু: ১৯৫ কোটি ডলারের প্রস্তাব চীনের
চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে ১৯৫ কোটি ডলারের আনুষ্ঠানিক বিনিয়োগ প্রস্তাব দিয়েছে চীনের একটি কনসোর্টিয়াম।
এই জোট আগের নকশাতেই তিন বছরে পদ্মা সেতু নির্মাণ করে দেবে। এ জন্য তাদের কোনো সুদ দিতে হবে না। সেতু থেকে তারা টোলও তুলবে না। ২০ বছরে কেবল আসল ফেরত দিলেই চলবে।
তাদের প্রস্তাবে বলা হয়েছে, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীকে সড়ক পথে সরাসরি যুক্ত করতে তিন বছর সময়ে পদ্মার ওপর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণ করে দেবে তারা।
দেশের সবচেয়ে বড় এ অবকাঠামো প্রকল্পের ব্যয় তারা ধরেছে ২৭৯ কোটি ১০ লাখ ডলার। এর আগে পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তিতে ব্যয় ধরা হয়েছিল ২৯০ কোটি ডলার।
সরকার এ প্রস্তাবে সম্মত হলে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ডেভেলপমেন্ট ব্যাংক ১৯৫ কোটি ৪৪ লাখ ডলারের যোগান দেবে। বাকি অর্থ দিতে হবে বাংলাদেশ সরকারকে, যা মোট ব্যয়ের ৩০ শতাংশ।
সেতুর নির্মাণ কাজের মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তার বিষয়গুলো দেখভালের জন্য বাংলাদেশ সরকার চাইলে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োগ দিতে পারবে। সেক্ষেত্রে এর খরচ বাংলাদেশকেই যোগাতে হবে।
প্রতি মাসে ৮ দশমিক ১৫ মিলিয়ন বা বছরে মোটামুটি ১০ কোটি ডলার হিসাবে ২০ বছরে চীনা বিনিয়োগের অর্থ পরিশোধ করতে হবে বাংলাদেশকে। আর এ সেতু হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এক শতাংশ বাড়বে বলে সরকারিভাবে বলা হচ্ছে।
প্রস্তাবে বলা হয়েছে, চীনা এ কনসোর্টিয়ামে সমন্বয়কের দায়িত্ব পালন করবে স্পেয়ার এনার্জি ক্রিয়েশনস বেইজিং লিমিটেড।
চুক্তি হলে চীনের তত্ত্বাবধানেই পুরো প্র্রকল্প বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে হবে চীন থেকে। তাদের নির্বাচিত ঠিকাদারই নির্মাণ কাজ করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদে চলতি বছরের মধ্যে এই সেতুর নির্মাণ কাজ শুরু করা নিয়ে যে ‘অনিশ্চয়তার’ ছায়া রয়েছে, তার মধ্যে চীনের এ প্রস্তাবকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিশেষ করে পদ্মা প্রকল্প নিয়ে মালয়শিয়া যে প্রস্তাব দিয়েছে সরকারের একটি বড় অংশের কাছে তা ব্যয়বহুল মনে হওয়ায় চীনের প্রস্তাব নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
কিন্তু পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে চুক্তির কয়েক মাসের মাথায় অর্থায়ন স্থগিত করে বিশ্ব ব্যাংক। এক বছরেরও বেশি সময় ধরে টানাপড়েনের পর তাদের ‘না’ বলে দেয় সরকার। প্রকল্প থেকে মূল অর্থদাতা সরে যাওয়ায় সহযোগী দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামী উন্নয়ন ব্যাংক ও জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকাও সরে যায়।
এরপর সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানায়। সেই পরিকল্পনা এখনো থাকলেও অরথমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মনে করছেন, মালয়শিয়ার চেয়ে চীনের প্রস্তাব ‘বেটার’।
তবে নিজস্ব অর্থায়নে এ প্রকল্প এগিয়ে নেয়ার বিষয়েই জোর দিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নিজস্ব অরথে পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা অনুযায়ীই আমরা অগ্রসর হচ্ছি। জাতীয় সংসদেও আমি এ বিষয়ে বিশদ বলেছি। শিগগিরই আমরা সেতুর জন্য টেন্ডার আহ্বান করব।”
পদ্মা সেতুতে বিনিয়োগের প্রস্তাব নিয়ে স্পেয়ার এনার্জি ক্রিয়েশনস বেইজিং লিমিটেডের নিবার্হী পরিচালক স্টিফেন চুংযের লেখা এই চিঠি গত ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে জমা পড়ে।
এতে বলা হয়, তাদের সহযোগী প্রতিষ্ঠান স্পেয়ার এনার্জি টেকনোলজি বেইজিং লিমিটেড ও স্পেয়ার এনার্জি ক্রিয়েশনস অস্ট্রেলিয়া প্রাইভেট লিমিটেডও কনসোর্টিয়ামে থাকবে।
কনসোর্টিয়ামের অপর সদস্যরা হলো- চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি), সিআরইসি ফোরর্টিনথ ব্যুরো ও সিডিজিডি।
এর আগে গত বছরের ১২ জুলাই অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এবং সেতু বিভাগের সচিবকেও চিঠি দিয়ে পদ্মা প্রকল্পে আগ্রহের কথা জানিয়েছিলেন স্টিফেন চুং।
এরপর গত বছর ১৫ সেপ্টেম্বর অর্থমন্ত্রী মুহিত বেইজিং সফরকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তা, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কনসোর্টিয়ামভুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রধান নিরবাহীদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকেও চীনা প্রতিষ্ঠানগুলো পদ্মা সেতু প্রকল্প নিয়ে তাদের আগ্রহের কথা জানায়।
চীনা প্রস্তাবে বলা হয়, রেল চলাচলের সুবিধাসহ সেতুর বরতমান নকশা পরিবরতন না করেই নির্মাণ কাজ শেষ করবে তারা। তবে তারা সেতু পরিচালনার দায়িত্ব নেবে না, টোলও আদায় করবে না। টোলের হার কি হবে তা বাংলাদেশ সরকারই ঠিক করবে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসেই পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর কাছে ২৩০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব দেয় মালয়শিয়া।
এতে বলা হয়, টোল আদায়ের মাধ্যমে ২৬ বছরে এই অর্থ তুলে নেবে তারা। লাভের ৭০ শতাংশ, অর্থাৎ ৫২০ কোটি ডলার মালয়শিয়া নেবে। বাকি ৩০ শতাংশ বাবদ বাংলাদেশ পাবে ২১৯ কোটি ডলার।
