নাশকতা: কুলাউড়ায় উপবন লাইনচ্যুত
বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালের মধ্যে বেইস প্লেট খুলে লাইন উপড়ে ফেলায় মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেসের ইঞ্জিন ও ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে কুলাউড়া ও ছকাপন স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
কুলাউড়ার স্টেশন মাস্টার মহিদুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ভোর পৌনে ৫টার দিকে কুলাউড়া স্টেশন অতিক্রম করে। এরপর ভোর ৫ টায় ছকাপন ও বরমচাল স্টেশনের মধ্যবর্তী ৭ নম্বর রেলসেতুর আগে ট্রেনটি লাইনচ্যুত হয়।
রেলওয়ে পুলিশের ওসি স্বপন বড়ুয়া জানান, দুষ্কৃতকারীরা রাতের কোনো এক সময় রেললাইনের একটি অংশ উপড়ে ফেলায় এ ঘটনা ঘটে।
“এ ধরনের একটি সংবাদ সিলেট স্টেশন থেকে জানানো হয়েছিল। বিষয়টি সহকারী স্টেশন মাস্টার কেফায়েত উল্লাহকে জানানোর পরও তিনি তাতে গুরুত্ব না দিয়ে উপবনকে ছেড়ে যেতে দেন” বলেন তিনি।
এ ঘটনায় ট্রেনের কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও কারো আঘাত গুরুতর নয় বলে রেল কর্মকর্তারা জানান।
ট্রেনের চালক নজরুল ইসলাম বলেন, “ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।”
সকালে কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কাজ শুরু করে। ট্রেনের ১২টি বগির মধ্যে ৬টি কুলাউড়ায় ফিরিয়ে নেয়া হয়।
সিলেট রেল স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপবনের আটকে পড়া যাত্রীদের একটি বিশেষ ট্রেনে করে সকাল সাড়ে ১০টার দিকে সিলেটে নিয়ে আসা হয়েছে। লাইন মেরামত শেষে বেলা ৪টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি আমরা।”
তিনি জানান, লাইন বন্ধ থাকায় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। তবে পাহাড়িকা এক্সপ্রেস কুলাউড়া স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
কারা এ নাশকতা ঘটিয়েছে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের সিলেট বিভাগীয় প্রকৌশলী মো. মুজিবুর রহমান বলেন, এটি হরতাল সমর্থকদের কাজ বলে তাদের ধারণা।
ঘটনাস্থল পরিদর্শন করে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল ইসলাম ও কুলাউড়া থানা ওসি সেলিম নেওয়াজ বলেন, যারাই এর সঙ্গে জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত ১ মার্চ ফেনীতে রেল নাইন উপড়ে ফেলায় আন্তনগর মহানগর গোধূলী লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ ১১ ঘণ্টা বন্ধ থাকে।
এছাড়া রাজশাহী, গাজীপুর ও ঢাকার কমলাপুরে ট্রেনে আগুন দেয়া হয়, বগুড়ায় পুড়িয়ে দেয়া হয় রেল স্টেশন। পুলিশ বলছে, এসব ঘটনার পেছনে জামায়াত-শিবির কর্মীরা জড়িত।
