২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির নেতার বাড়িতে বোমা বানাতে গিয়ে যুবক আহত

রাজধানীর খিলগাঁওয়ে বিএনপি নেতার বাড়িতে বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 10:59 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বোমা বানাতে গিয়ে আবু সাঈদ (৩২) নামে ওই যুবক আহত হন বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার ভোরে উত্তর গোড়ানের ওই বাড়িতে বিস্ফোরণের পর আরো দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

বাড়ির মালিক বিএনপির সভাপতি ইউসুফ মৃধা খিলগাঁও থানা বিএনপির সভাপতি।

আহত সাইদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে ইউসুফ মৃধার টিনশেড বাড়িতে কয়েক যুবক বোমা বানাচ্ছিল।

“এসময় একটি বোমা বিস্ফোরিত হলে সাইদ আহত হয়।”

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের শুরুতেই এই ঘটনা ঘটে। হরতালে নাশকতার জন্য ওই বোমা বানানো হচ্ছিল বলে পুলিশ দাবি করেছে।

বিস্ফোরণে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর সাইদকে হাসপাতালে পাঠায় এবং মনির হোসেন ও বেলায়েত হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করে।

ওসি জানান, থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদি হয়ে ইউসুফকে আসামি করে একটি মামলা করেছেন।