সহিংসতা: বাঁশখালীর ওসি-ইউএনওর অপসারণ দাবি
চট্টগ্রামের বাঁশখালীতে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির অপসারণ দাবি করেছে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির নীরবতার কারণে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
লিখিত বক্তব্যে দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণব দাশ গুপ্ত বলেন, “২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর থেকে ৪ মার্চ পর্যন্ত বাঁশখালী উপজেলার রামদাশ হাট, জলদী, নাপোড়া, চাম্বলসহ বিভিন্ন ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়ি, মন্দির, ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে জামায়াত-শিবির ও মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী। এ সময় শিলকূপ গ্রামে দয়াল হরি শীলকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে এ গোষ্ঠী।”
লিখিত বক্তব্যে তিনি বলেন, “বাঁশখালীতে আমরা সরজমিনে পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে জানতে পেরেছি, পৌরসভার কাউন্সিলর আবুল কাশেম আবু, আমীর, ছমুদুল হক, হাজী আবদুস সবুর, মো. বেলাল, সাহাদাৎ হোসেন আজগর, মো. শফি, মো. ইউনুস, মহিবুল্লা ছানুবি, জলদী পোস্ট অফিসের পোস্ট মাস্টার মো. রফিক এ হামলার নেতৃত্ব দিয়েছেন। হামলার ইন্ধন দিয়েছেন আমিন চেয়ারম্যান।”
গত বৃহস্পতিবার সাইদীর মামলার রায় ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে জামায়াত-শিবিরকর্মীরা। চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, গাজীপুরসহ বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও মন্দিরে হামলার ঘটনাও ঘটে।
সংবাদ সম্মেলনে বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া উপজেলায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণ দেয়া , ক্ষতিগ্রস্থ মন্দির পুনর্নির্মান, দয়াল হরি শীলের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চট্টগ্রাম দক্ষিন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব গাঙ্গুলি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন. উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট শিব প্রসাদ দেওয়ানজী, সাধারণ সম্পাদক চন্দন দে, দক্ষিণ জেলা সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ মিণ্টু, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি জিতেন্দ্র প্রসাদ নাথ প্রমুখ।
