২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশ্রুতি পূরণের আশ্বাস ভারতের রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বৈঠকে দুই দেশের অমীমাংসিত সমস্যা সমাধানে দেয়া সব প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়েছেন প্রণব মুখোপাধ্যায়।

নুরুল ইসলাম হাসিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 01:33 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

সফরের দ্বিতীয় দিন সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে জিল্লুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতের রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রণব মুখোপাধ্যায়কে সম্মাননা জানানো হয়। এরপর এক নৈশভোজেও যোগ দেন তিনি।

বৈঠকে জিল্লুর রহমান প্রথম বিদেশ সফরের জন্য বাংলাদেশকে বেছে নেয়ায় ধন্যবাদ জানান প্রণব মুখোপাধ্যায়কে। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের ভূমিকার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণবের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের পৈত্রিক বাড়ি বাংলাদেশের নড়াইলে। এই সফরে মঙ্গলবার তার সেখানে যাওয়ার কথা রয়েছে। 

রাষ্ট্রপতি বলেন, প্রণব মুখোপাধ্যায়ের এই সফর দুই দেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা করবে। প্রতিবেশী দুই দেশের সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারিত হবে।

তিস্তা চুক্তি সই, স্থল সীমান্ত চুক্তি কার্যকরে জিল্লুর রহমান ভারতের রাষ্ট্রপতিকে তাগিদ দেন বলে বঙ্গভবনের কর্মকর্তারা জানান।

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তিস্তা চুক্তি সইয়ের বিষয়ে রাজি হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে তা দেড় বছর ধরে আটকে রয়েছে।

স্থল সীমান্ত চুক্তি কার্যকরে ভারতের সংবিধান সংশোধন করতে হবে। সেই প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন করেছে ভারতের মন্ত্রিসভা।

ভারতের রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে জানিয়েছেন, সংবিধান সংশোধনের প্রস্তাব শিগগিরেই পার্লামেন্টে উত্থাপন হবে।

তিস্তা চুক্তির ক্ষেত্রেও আশার কথা প্রণব মুখোপাধ্যায় শুনিয়েছেন বলে বঙ্গভবনের কর্মকর্তারা জানান।

দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণসহ বাংলাদেশে ভারতের বিনিয়োগ আগামী দিনগুলোতে আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রণব মুখোপাধ্যায়।

তিন দিনের সফরে রোববার ঢাকায় আসেন প্রণব মুখোপাধ্যায়। সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি।

বঙ্গভবনে যাওয়ার আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে যোগ দেন প্রণব মুখোপাধ্যায়, অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ডক্টর অফ লজ ডিগ্রি দেয়া হয়।

সফরের শেষ দিন মঙ্গলবা শ্বশুরবাড়ি নড়াইলে যাবেন ভারতের রাষ্ট্রপতি। ওই দিন ঢাকা ছাড়ার আগে শিলাইদহে কবিগুরুর কুঠিবাড়ি, টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমসেও যাবেন তিনি।