২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: মন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 10:39 AM

Updated : 23 Aug 2022, 10:18 AM

দেশের কোথাও সেনাবাহিনী নামানো হয়নি জানিয়ে তিনি বলেছেন, তেমন কোনো পরিস্থিতি সৃষ্টির আশঙ্কাও তিনি দেখছেন না।

রোববার সকালে হরতালে বগুড়ায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির কর্মীদের ব্যাপক তাণ্ডবের মধ্যেই সচিবালয়ে নিজের কক্ষে সাংবাদিকদেরেএ কথা বলেন মন্ত্রী।

ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত বৃহস্পতিবার সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির কর্মীরা। হতাহত হয় প্রায় ৪০ জন মানুষ।

ওই রায় প্রত্যাখ্যান করেই রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টার এই হরতাল ডাকে দলটি।

রোববার হরতালের সাকালে বগুড়ায় চারটি পুলিশ ফাঁড়ি ও একটি থানায় হামলা হয়, পুড়িয়ে দেয়া হয় রেলস্টেশন ও বাণিজ্য মেলার স্টল। জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে জামায়াত-শিবির কর্মীরা।    

উদ্ভূত পরিস্থিতিতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। থানার নিরাপত্তায় সেনা সদস্যদের নেয়া হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিউর রহমান।   

তবে সেনা মোতায়েনের বিষয়টি অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশের অবস্থা পূর্ণাঙ্গভাবে সরকারের নিয়ন্ত্রনে রয়েছে। সরকারের পক্ষ থেকে বিশৃঙ্খলা দমনের জন্য সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে এবং এ ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।”

বগুড়ায় যেখানে হামলার ঘটনা ঘটেছে তার আশেপাশেই সেনাক্যাম্প জানিয়ে মন্ত্রী বলেন, “হয়ত সেনাবাহিনীর চলাচল দেখে মনে করা হয়েছে সেনাবাহিনী নামানো হয়েছে।”

গত বৃহস্পতিবার রায়ের পর নোয়াখালী, চটট্গ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, লক্ষ্মীপুর, বাগেরহাট, বশিরাল ও গাজীপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় কি ব্যবস্থা নেয়া হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত জানতে চাইলে মন্ত্রী বলেন, “যারা একাত্তরে এ সম্প্রদায়ের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিল তারাই এসব কাজ করছে।

“পাকিস্তানের দোসর হয়ে কাজ করছে জামায়াত, এর সাথে যোগ দিয়েছেন খালেদা জিয়া, বাংলাদেশের স্বাধীনতার যারা বিরোধিতা করেছিল, তারাই এসব ঘটনা ঘটাচ্ছেভ এসব আক্রমণের সাথে জামায়াতে ইসলামী ও খালেদা জিয়া এবং তার দোসররা জড়িত, এ ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেয়া হচ্ছে।”

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সফরের সময় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “তারা এ সময় হরতাল ডেকে প্রমাণ করেছে যে, তারা ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব চায় না। তারা পাকিস্তানের অনুচর- এটা তারই প্রমাণ।”

পুরনো খবর:

এখনই সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইনু