কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের বিক্ষোভ
জামায়াত-শিবির কর্মীদের তাণ্ডবে বাস বন্ধ থাকায় কক্সবাজারে আটকে পড়া পর্যটকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিভিন্ন স্থানে বাসে হামলা চালায় জামায়াত-শিবিরকর্মীরা। এতে বাস চলাচল বন্ধ থাকায় কক্সবাজারে আটকে পড়েছেন এই পর্যটকেরা।
বৃহস্পতিবার থেকে আটকা পড়া শত শত পর্যটক শুক্রবার রাত ১১ টার দিকে বিক্ষোভ মিছিল করে কলাতলী সড়ক অবরোধ করে নিরাপদে ঘরে ফেরার ব্যবস্থা করার দাবি জানায়।
পর্যটকদের দাবি, জামায়াত শিবিরের তাণ্ডবে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার যানচলাচল বন্ধ রয়েছে। রোববার থেকে টানা ৩ দিনের হরতাল শুরু হচ্ছে। তার আগেই শনিবারের মধ্যে নিরাপদে বাড়ি ফিরতে চান তারা।
কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. খোরশেদ আলম জানান, বৃহস্পতিবার রাত থেকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া, আজিজ নগর, চুনতি, পদুয়া, লোহাগাড়া ও ঈদগাঁও এলাকায় যানবাহনে ঝটিকা হামলা চালিয়ে যাচ্ছে জামায়াত-শিবিরকর্মীরা।
শুক্রবার সকাল পর্যন্ত শ্যামলী পরিবহনের ৬ টি ও ইউনিক পরিবহনের ৫টি বাসসহ প্রায় ২৫ টিরও বেশি ছোট বড় যানবাহন ভাংচুর করা হয়। এসব ঘটনায় চালকসহ বেশ কয়েকজন যাত্রীও আহত হয়।
একই সঙ্গে কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়কের বিভিন্নস্থানে গাছ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। এ পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় নতুন করে কোনো যানবাহন কক্সবাজার ছাড়েনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা মনি বেগম তাসমিন জানান, মঙ্গলবার কক্সবাজারে বেড়াতে এসে আটকে আছেন। বাস টার্মিনালে গিয়ে শুক্রবার রাত ১১টা পর্যন্ত অপেক্ষা করেও গাড়ি পাননি।
ফেনী থেকে আগত আবদুর রহমান জানান, তারা তিন জন গত চার দিন ধরে কক্সবাজারে আছেন। বাস না পাওয়ায় যেতে পারছেন না।
কক্সবাজারের আবাসিক হোটেল মালিকরা জানিয়েয়েছেন, বাস চলাচল বন্ধ থাকায় কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক আটকে পড়ে ভোগান্তি পোহাচ্ছে।
