মাহমুদুরকে গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেবে গণজাগরণ মঞ্চ
আমার দেশ সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি দিচ্ছে অভিযোগ করে এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেবে গণজাগরণ মঞ্চ।
সোমবার মিরপুরে সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
মঙ্গলবার বিকাল ৪টায় শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাওয়া হবে বলে জানান তিনি।
ইমরান বলেন, “মাহমুদুর রহমান নিজে নাস্তিক হওয়ায় সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছেন। আমাদের এখন একটাই দাবি, তা হলো মাহমুদুর রহমানের গ্রেপ্তার।”
সরকারের উদ্দেশ্যে ইমরান বলেন, “আমরা আল্টিমেটাম দিয়েছিলাম, কিন্তু সরকার মানেনি। তাকে গ্রেপ্তারে কীসের এত দ্বিধা, কীসের এত সঙ্কোচ।”
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগের বাইরে মিরপুরে দ্বিতীয় সমাবেশ করল গণজাগরণ মঞ্চ।
মিরপুরের সমাবেশে বক্তব্য দেওয়া বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা আমার দেশের ভূমিকার নিন্দা জানিয়ে অবিলম্বে মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানান।
অপপ্রচার চালিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি এবং হামলা-ভাংচুরের অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে শাহবাগ ও রমনা থানায় ইতোমধ্যে পাঁচটি মামলা হয়েছে।
তবে মাহমুদুরের দাবি, শাহবাগের তরুণরা সন্ত্রাসবাদের ‘উস্কানি’ দিচ্ছে। ইসলাম ও রাসুল সম্পর্কে ‘কুরুচিপূর্ণ অপপ্রচার’ চালাচ্ছে।
তবে গণজাগরণ মঞ্চের বক্তব্য, তারা কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলছেন না, শুধু যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াত নিষিদ্ধের দাবি তুলেছেন।
