শাহবাগে তিন দিকের সড়কে যানবাহন চলছে
শাহবাগের গণজাগরণ মঞ্চ সংলগ্ন তিন দিকের সড়ক সাময়িকভাবে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।
শাহবাগ থানার উপ পরিদর্শক মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপাতত জমায়েত কম বলে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে ঊর্ধ্বতন কর্মকর্তারা দুপুর থেকে যান চলাচল শুরুর ব্যবস্থা নিয়েছেন। তবে জমায়েত বাড়লে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”
তিনি জানান, বেলা আড়াইটার দিকে শাহবাগ মোড় থেকে মৎস্যভবন, কাঁটাবন ও হোটেল রূপসী বাংলার দিকের সড়কে যান চলাচল শুরু হয়। তবে টিসসির দিকের রাস্তায় আগের মতোই বিক্ষোভ চলছে।
জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগের এই আন্দোলন শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে।
টানা অবস্থান চলার কারণে শাহাবগ সংলগ্ন চার দিকের সড়কে সেদিন থেকেই যান চলাচল এক কথায় বন্ধ রয়েছে। সকালের অংশে বারডেমের সামনে দিয়ে মৎস্যভবনের দিকের সড়কে যান চলাচল করলেও এই প্রথম তিন দিকের সড়ক খুলে দেয়া হলো।
