রক্তাক্ত বিদ্রোহের চার বছর
পিলখানায় বিদ্রোহ আর হত্যাযজ্ঞের চার বছর পূর্ণ হলো সোমবার। ২০০৯ সালের ওই ঘটনায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন।
২৫ ফেব্রুয়ারি সকালে সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের দরবার হল থেকে বিদ্রোহের সূচনা হয়। পরদিন ঘটে এর অবসান। পিলখানায় বিদ্রোহের সূত্র ধরে দেশের বিভিন্ন স্থানেও জওয়ানরা বিদ্রোহ করে। সীমান্ত রক্ষাকারী বাহিনীর ওই বিদ্রোহ আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে।
রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম পরিবর্তন হয়েছে, পরিবর্তন এসেছে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ড নিয়ে দুই ধরনের মামলা হয়েছে। এর একটি বিদ্রোহের মামলা আর একটি পিলখানায় হত্যাকাণ্ড ও লুটপাটের মামলা।
পিলখানাসহ দেশের বিভিন্নস্থানে করা ৫৭টি বিদ্রোহের মামলার বিচার এতামধ্যে শেষ হয়েছে।
ঢাকা মহানগরীর কোতয়ালী থানায় ও পরে নিউমার্কেট থানায় করা হত্যাকা- এবং বিস্ফোরক আইনের মামলার বিচার কাজ চলছে।
বিডিআর বিদ্রোহের ৫৭টি মামলায় ছয় হাজারেরও বেশি আসামির মধ্যে ৫ হাজার ৯২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। সর্বশেষ গত বছরের ২০ অক্টোবর সদর রাইফেল ব্যাটালিয়নের ৭২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়ার মধ্য দিয়ে ৫৭টি মামলার বিচার কাজ শেষ হয়।
এসব মামলায় সর্বোচ্চ সাত বছরের সাজা হয়েছে ৮৭০ জনের। আর বেকসুর খালাস পেয়েছেন ১১৫ জন বিডিআর সদস্য, যারা পরে চাকরি ফেরত পেয়েছেন।
আর পিলখানায় হত্যা মামলা চলছে সাধারণ আইনে ফৌজদারি আদালতে। এ মামলায় ২৩ বেসামরিক ব্যক্তিসহ ৮২৪ জনের বিরুদ্ধে প্রথম অভিযোগপত্র দেয়া হলেও পরে সম্পূরক অভিযোগপত্রে আরো ২৬ জনের নাম যোগ করা হয়। এ মামলার ২০ আসামি পলাতক রয়েছেন।
অন্যদিকে, বিস্ফোরক আইনের মামলায় প্রথমে ৮০৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশের অপরাধ তদন্ত সংস্থা। পরে আরও ২৬ জনের নাম যোগ করে সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়।
বেসামরিক ব্যক্তিদের মধ্যে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু, বিএনপির স্থানীয় নেত্রী সুরাইয়া বেগম ও আওয়ামী লীগ নেতা ও সাবেক বিডিআর সদস্য তোরাব আলীও রয়েছেন।
এ মামলার আসামিদের মধ্যে মারা গেছেন তিনজন; পলাতক রয়েছেন ২০জন।
পিলখানা হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত এক হাজার ২৮৭ জন সাক্ষীর মধ্যে অর্ধেকের বেশি আদালতে তাদের জবানবন্দি দিয়েছেন।
বর্তমান সরকারে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, হুইপ মির্জা আজম এমপি, নৌ বাহিনী প্রধান, বিমান বাহিনীর সাবেক প্রধান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) সহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন এ মামলায়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাক্ষীর সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। আর ১৮ থেকে ২০ জনের জবানবন্দি নিয়ে আগামী মাসের মধ্যেই সাক্ষ্য গ্রহণ শেষ করা হবে।
হত্যা মামলার বিচার কাজ শেষ হলেই বিস্ফোরক আইনের মামলার কাজ শুরু হবে বলে জানান তিনি।
আসামি পক্ষের আইনজীবী শামীম সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যা মামলার কার্যক্রম দ্রুত শেষ হলেই সবার জন্য ভাল। তবে মামলা চলার ক্ষেত্রে যতোটুকু সময় প্রয়োজন তা দেওয়া হয়নি।
শামীম অভিযোগ করেন, “বিস্ফোরক আইনের মামলায় এখনো অভিযোগ গঠনই হয়নি। যারা হত্যা মামলায় খালাস পাবেন তাদের ওই বিস্ফোরক আইনের মামলায় আটকে রাখার কৌশল হিসাবে সরকার এটা করেছে।”
যা ঘটেছিল পিলখানায়
২৫ ফেব্রুয়ারি সকাল ৯টার পরপরই পিলখানা বিডিআর সদর দপ্তরে গুলির শব্দ পাওয়া যেতে থাকে। বিডিআর সপ্তাহ চলার কারণে প্রথমে অনেকেই ভাবছিলেন, কোনো কর্মসূচি চলছে। কিন্তু এর কিছুসময় পরই জানা যায়, বিদ্রোহ হয়েছে। পুরো পিলখানার নিয়ন্ত্রণ নিয়েছে জওয়ানরা।
সংবাদকর্মীরা ছুটে যান পিলখানার বিভিন্ন ফটকে। যোগাযোগের চেষ্টা করেন বিদ্রোহীদের সঙ্গে। বিদ্রোহী কয়েকজন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাদের দাবি নিয়ে সাক্ষাৎকারও দেন।
বিদ্রোহের পর সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন। এরই মধ্যে পিলখানার চার দিকে সেনাবাহিনী ভারী অস্ত্র নিয়ে অবস্থান নেয়।
সকালে বিদ্রোহ শুরুর কিছু সময় পর্যন্ত ভেতরে অবস্থানরত সেনা কমকর্তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা গেলেও পরে আর সম্ভব হয়নি।
এরপর সরকারের পক্ষ থেকে বিদ্রোহীদের সঙ্গে শুরু হয় আলোচনা। সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং ফজলে নূর তাপস এ আলোচনার নেতৃত্ব দেন।
পরে পিলখানার প্রধান ফটকের পাশের একটি রেস্তোরাঁয় আলোচনায় অংশ নেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন। ২৬ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রীর সঙ্গেও বিদ্রোহীদের আলোচনা হয়।
পরদিন বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পিলখানায় গেলে বিদ্রোহীরা তার কাছে অস্ত্র সমর্পণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বেরিয়ে আসার সময় বিদ্রোহীদের হাতে জিম্মি কয়েকজন সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারকে সঙ্গে করে নিয়ে আসেন। তারা মুক্ত হন।
কিন্তু এরপরও পিলখানা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকতে দেখা যায়। এক পর্যায়ে ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যার পর পিলখানা শূন্য হয়ে পড়লে পুলিশ এবং সেনাবাহিনী পিলখানার নিয়ন্ত্রণ নেয়। অবসান ঘটে প্রায় ৩৩ ঘণ্টার বিদ্রোহের।
এদিকে বিদ্রোহের প্রথম দিন দুপুরে কামরাঙ্গীরচর বেড়িবাঁধের কাছে ম্যানহোলের মুখে এক বিডিআর কর্মকর্তার লাশ পাওয়া গেলে হৈ চৈ পড়ে যায়। বোঝা যায়, ভেতরে হত্যাকাণ্ড ঘটেছে।
বিদ্রোহ অবসানের পরদিন পিলখানায় পাওয়া যায় গণকবর। ওই কবরে পাওয়া যায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, তার স্ত্রীসহ অনেক সেনা কর্মকর্তাদের লাশ।
কর্মসূচি
বিদ্রোহের সেই রক্তাক্ত দিনটি স্মরণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বেশ কিছু কর্মসূচি নিয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান, ইউনিট ও বিওপি পর্যায়ে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সকাল ১০টায় বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী (একত্রে), তিন বাহিনীর প্রধান (সম্মিলিতভাবে), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালক পিলখানায় সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় পিলখানার বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিশেষ দোয়া ও মিলাদ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালকসহ বিজিবি সদস্যরা এতে অংশ নেবেন।
