জয়পুরহাটে সংবাদপত্রের গাড়ি পুড়িয়েছে পিকেটাররা
জয়পুরহাট সদরে সংবাদপত্রবাহী একটি মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছে হরতালকারীরা।
শাহবাগবিরোধী ইসলামী ১২টি দলের ডাকে দেশব্যাপী হরতালের মধ্যে রোববার সকালে জেলা শহর থেকে তিন কিলোমিটার দূরে কোমরগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাইক্রোবাসে করে রোববারের পত্রিকা ঢাকা থেকে শহরে আসছিল। পথে পিকেটাররা তাতে আগুন লাগিয়ে দিলে তা সম্পূর্ণ পুড়ে যায়।
এছাড়া শহরের আর কোথাও পিকেটিং দেখা যায়নি। দূরপাল্লার বাস না চললেও শহরে যানবাহন চলাচল স্বাভাবিক।
সকাল ১০টার পর শহরের অধিকাংশ দোকান-পাট, ব্যাবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করে।
হরতাল প্রতিরোধে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।
শুক্রবার দেশব্যাপী তাণ্ডবের পর রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে সমমনা ইসলামী ১২ দল, বিএনপিও যাতে সমর্থন দেয়।
শুক্রবার জুমার নামাজের পর শহীদ মিনারে হামলা, জাতীয় পতাকা অবমাননা, গণজাগরণ মঞ্চ ভাংচুরের ওই তাণ্ডবে জামায়াতের মদদ ছিল বলে পুলিশ বলছে।
