২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগামী বছর অষ্টম-দশম শ্রেণিতে আইসিটি বিষয়’

আগামী বছর অষ্টম-দশম শ্রেণিতে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয় চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 03:38 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

মংগলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি।

শওকত মোমেন শাহজাহানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় শিক্ষানীতি-২০১০ এর আলোকে কম্পিউটার শিক্ষার পরিবর্তে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়টি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

নাহিদ বলেন, “এ বিষয়টি গতবছর ষষ্ঠ শ্রেণিতে, এ বছর সপ্তম শ্রেণিতে চালু করা হয়েছে। আগামী বছর অষ্টম, নবম ও দশম শ্রেণীতে চালু করা হবে। একাদশ-দ্বাদশ শ্রেণীতেও বিষয়টি চালু করা হবে।”

প্রধান শিক্ষকের শূন্য পদ ৫,৮৯৭

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফসারুল আমিন জানিয়েছেন, সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে পাঁচ হাজার ৮৯৭টি।

আশরাফুন নেছা মোশারফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে আরো বলেন, পদোন্নতির বিষয়ে শিক্ষকদের মামলা চলমান থাকায় পদোন্নতি বন্ধ রাখা হয়েছে। তবে সরাসরি নিয়োগযোগ্য দুই হাজার ৬৪টি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং শীঘ্রই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লুৎফুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকারের মেয়াদে গত তিন বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারি শিক্ষক পদে ৭১ হাজার ২৫৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

সাধনা হালদারের অপর এক প্রশ্নের জবাবে আফসারুল আমিন জানান, দেশে ১৫ বছরের বেশি বয়সের জনসংখ্যার সাক্ষরতার হার ৫৯ দশমিক ৮২ শতাংশ। বর্তমান সরকারের চার বছরে সাক্ষরতার হার বেড়েছে ১১ দশমিক ৭৪ শতাংশ। সে হিসাবে বর্তমানে বার্ষিক সাক্ষরতা বৃদ্ধির হার প্রায় ৩ শতাংশ।

বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। পরে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।