চাঁপাইয়ে ২৭১ জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা
ভাঙচুর, পুলিশের উপর হামলার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশের উপ-পরিদশর্ক কবির হোসেন বাদী হয়ে সোমববার রাতে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
এতে ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো দুই শতাধিক জামায়াত-শিবিরকর্মীকে আসামি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শিবগঞ্জ থানার ওসি জমির উদ্দীন বলেন, সোমবার হরতালের সময় মিছিল নিয়ে জামায়াত-শিবিরকর্মীরা শিবগঞ্জ পৌর এলাকায় টিঅ্যান্ডটি অফিস সংলগ্ন মাঠে গণজাগরণ মঞ্চের চেয়ার টেবিল ভাংচুর করে এবং ব্যানার ছিঁড়ে ফেলে। পরে তারা আওয়ামী লীগ অফিসে হামলা চালায়।
এছাড়া বিকালে শিবগঞ্জ পৌর এলাকার একডেমি মোড়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ মিছিলে বাধা দিলে তারা পুলিশের উপর হামলা চালায়।
