‘দেয়াল’ আসছে একুশে ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারিতে বইমেলায় আসছে হুমায়ূন আহমেদের সর্বশেষ উপন্যাস ‘দেয়াল’।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলায় বহু প্রতীক্ষিত বইটি আনছে অন্যপ্রকাশ।
প্রকাশনা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বইটি নিয়ে বেশ কিছু সমস্যা ছিল, যা হুমায়ূন স্যার মারা যাওয়ার আগেই সংশোধন করে দেন। সেই সংশোধিত পাণ্ডুলিপি বই আকারে বের হচ্ছে।
“ইতোমধ্যেই আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি, একুশে ফেব্রুয়ারিতে বইটি আসবে।”
দেয়ালে গল্পের আশ্রয়ে ১৯৪৭ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতির ইতিহাসকে তুলে ধরেছেন প্রয়াত হুমায়ূন।
বইটির কিছু অংশ প্রকাশিত হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ঘটনাটি নিয়ে আদালত কিছু সংশোধনী আনতে বলে। আদালতের নির্দেশনা অনুযায়ী, মারা যাওয়ার আগে হুমায়ূন আহমেদ এর সংশোধনী আনেন।
রোববারের বৃষ্টি উদ্বেগ তৈরি করলেও সোমবার স্বস্তিতেই চলে বই মেলা। বিকাল ৩টায় ফটক খুলে দেয়ার সময় ভিড় তেমন না থাকলেও ধীরে ধীরে জমে ওঠে মেলা।
সময় প্রকাশনের কর্ণধার ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার বৃষ্টির কারণে একটি দিন নষ্ট হয়েছে। সে হিসেবে সোমবারের মেলা অনেক ভালো গেছে। আসছে দিনগুলোতে মেলা আরো জমবে বলে আশা করছি।”
মেলায় ঘুরতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহীনুর আলম বলেন, “আমি প্রতিদিনই মেলায় আসছি। কাল বৃষ্টির কারণে হল থেকে বের হতে পারিনি। আজ মেলায় আসতে পেরে ভালো লাগছে। আমার বন্ধুরাও আসবে, লিটলম্যাগ চত্বরে জম্পেস আড্ডা হবে আজো।”
এদিন বিকালে বইমেলা মেলা ঘুরে দেখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এসময় শাহবাগের প্রজন্ম চত্বরে আন্দোলনকারীদের সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, “এই প্রজন্ম কুশিক্ষার মধ্যে বেড়ে ওঠলেও তারা ঠিকই নিজেদের প্রকৃত পরিচয় ও জাতির সঠিক ইতিহাস জেনে নিয়েছে।
“এটা আমাকে খুবই আশাবাদী করে তুলেছে। এখন আমি বিশ্বাস করি আগামীতে এই প্রজন্ম ঠিকই দেশকে এগিয়ে নেবে।”
এবারের মেলায় সময় প্রকাশন থেকে বঙ্গবন্ধুর চিন্তা, বিবৃতির সংকলন গ্রন্থ ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ প্রকাশিত হয়েছে।
অর্থমন্ত্রী বইটির প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন। এসময় তার সঙ্গে ছিলেন বাংলা একাডেমীর সচিব মো. আলতাফ হোসেন।
মেলায় প্রবেশের পরে অনিন্দ্য, মুক্তধারা, শিখা, নালন্দা, বিদ্যাপ্রকাশ, মওলা, সাহিত্য প্রকাশ এর স্টল ঘুরে ‘সময় প্রকাশনে’র স্টলে কিছুক্ষণের জন্য বসেন। সেখানে তিনি তার বইটি দেখেন। এরপরে তিনি মিডিয়া সেন্টারে বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।তিনি আরো বলেন, “আজ সন্ত্রাসীরা যে হরতালের কর্মসূচি দিয়েছিল, দেশবাসী তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।”
নিজের লেখালেখি সম্পর্কে মুহিত বলেন, “এমনিতেই আমি লেখার সময় পাই না। তবে গত ২২ বছর ধরে একটি বই লিখছি। এবারের বইমেলায় তার প্রকাশ করার ইচ্ছা থাকলেও লেখা শেষ করতে না পারায় তা প্রকাশ করা সম্ভব হয়নি। তবে আগামী বই মেলায় বইটি প্রকাশ করার পরিকল্পনা আছে।”
মোড়ক উন্মোচন
সোমবার মেলার নজরুল মঞ্চে মোট ১৫টি বইয়ের মোড়ক উন্মোচিত হয়। এগুলো হলো- বাংলা প্রকাশ থেকে প্রকাশিত বিশ্বজিৎ সাহার ‘হুমায়ূন আহমেদের শেষের দিনগুলি’, নন্দিতা প্রকাশ থেকে প্রকাশিত রেজা রহমানের ‘আদিগন্ত ফেরা’, বিজয় প্রকাশ থেকে প্রকাশিত জাহাঙ্গীর রানার ‘আনন্দ গানে চোখের জলে’, মিজানুর রহমান তসলিমের ‘আপন দর্পণে’ এবং সাহিত্য বিলাস থেকে প্রকাশিত এম কামরুজ্জামানের ‘প্রিয় ত্যাগ’।
নতুন বই
একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে পাওয়া তথ্যমতে, সোমবার মেলার ১৮তম দিনে নতুন বই এসেছে ৬৫টি। এর মধ্যে- গল্প ৫টি, উপন্যাস ৮টি, প্রবন্ধ ৩টি, কবিতা ২২টি, গবেষণা ২টি, ছড়া ৪টি, শিশুতোষ ৩টি, জীবনী ৪টি, মুক্তিযুদ্ধ ১, বিজ্ঞান ১, রাজনীতি ১, রম্য/ধাঁধা ১টি, অনুবাদ ২টি এবং অন্যান্য বিষয়ের উপর এসেছে ৮টি নতুন বই।
এর মধ্যে অন্যপ্রকাশ এনেছে শাকুর মজিদের ‘নুহাশ পল্লির এইসব দিন রাত্রি’, কথাপ্রকাশ এনেছে সৈকত হাবিব সম্পাদিত ‘বুদ্ধিজীবী ইতিহাস অনুসন্ধান ও আত্মপাঠ’, বাংলাদেশ কো অপারেটিভ বুক সোসাইটি লি. এনেছে আল মাহমুদের ‘পোড়া মাটির জোড়া হাঁস’, শিলা প্রকাশনি এনেছে শহীদ সিরাজীর ‘ব্যর্থ হলো জাদুর আঘাত’, নন্দিতা প্রকাশ এনেছে রেজা রহমানের ‘আদিগন্ত ফেরা’, শিলা প্রকাশনী এনেছে অধ্যাপক কামরুল ইসলামের ‘চিলড্রেন নলেজ ব্যাংক’, শ্যামল রায়ের ‘পথের শেষে’, র্যামন পাবলিশার্স এনেছে শাহেরা খাতুন বেলার ‘পাখির অপেক্ষায় তার ঠিকানা’, গদ্যপদ্য এনেছে অচিন্ত চয়নের ‘ঘুম খুনের ডাকঘর’, মিজান পাবলিশার্স এনেছে অনীশ দাশ অপুর ‘অশুভ শক্তি ভংঙ্করের মুখোমুখি’, শুদ্ধস্বর এনেছে ময়নুল হাসানের ‘মাধবী ঠোঁটে ঠোঁট রেখে’, বিকাশ চন্দ্রের ‘ঝরা পাতার গল্প’, অনন্যা এনেছে শামসুল হোসাইনের ‘গ্রামীন ব্যাংক ও মোহাম্মদ ইউনুস’ ইত্যাদি।
মূল মঞ্চের আয়োজন
সোমবার মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘মোহাম্মদ মনিরুজ্জামান : কৃতি ও কীর্তি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক রফিকউল্লাহ খান। আলোচনায় অংশ নেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন এবং ড. বিশ্বজিৎ ঘোষ। সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী।
আলোচনায় প্রাবন্ধিক বলেন, “মোহাম্মদ মনিরুজ্জামান আবহমান বাংলা ও বাঙালিকে বুকের ভিতর গভীরভাবে ধারণ করেছেন। মৃত্তিকাবর্তি এই কবি হৃদয় ও মননের যুগলবন্দি রচনা করেছেন তার কবিতা ও গানে। গবেষণাক্ষেত্রেও তার অবদান অসামান্য। সমাজ ও রাজনৈতিক প্রেক্ষিতযুক্ত ছিল তার সাহিত্যিক দৃষ্টিভঙ্গি। দেশপ্রেম মোহাম্মদ মনিরুজ্জামানের সৃষ্টিতে যেভাবে মূর্ত হয়ে উঠেছিল তা অঙ্গীকার ও শিল্পসিদ্ধি, উভয়ক্ষেত্রেই দৃষ্টান্তস্থানীয়।”
সভাপতির বক্তব্যে কবি আসাদ চৌধুরী বলেন, “মোহাম্মদ মনিরুজ্জামানকে আলোচনার বিষয়বস্তু করে বাংলা একাডেমী আমাদের কৃতজ্ঞতাভাজন হয়েছেন। বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে তার অবদান বিস্মৃত হবার নয়।”
সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি সংগঠন “ক’জনা” বৃন্দ আবৃত্তি পরিবেশন করে। সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী লিলি ইসলাম, সাজেদ আকবর, সালমা আকবর, চঞ্চল খান, রোকাইয়া হাসিনা, ছায়া রাণী কর্মকার, ফারহানা আক্তার শার্লি, সারোয়ার হোসেন বাবু এবং হিমাদ্রি শেখর।
মঙ্গলবারের আয়োজন
মঙ্গলবার মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘আবু হেনা মোস্তফা কামাল’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন আবুল আহসান চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করবেন হায়াৎ মামুদ, অনু হোসেন, শরীফ আতিক-উজ-জামান এবং ফারজানা সিদ্দিকা।
সভাপতিত্ব করবেন মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ্। আর সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
