কক্সবাজারে মাইক্রোবাসে হামলা, রোগীর মৃত্যু
কক্সবাজারে হরতালের মধ্যে রোগী বহনকারী একটি মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাংচুর করেছে জামায়াত-শিবির কর্মীরা। হামলার সময় মাইক্রোবাসেই মৃত্যু হয়েছে ওই রোগীর।
পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে রামু উপজেলার চেইন্দা এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কে হাফিজকে বহনকারী মাইক্রোবাসটি হামলার মুখে পড়ে।
কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত উপ পরিদর্শক প্রণব চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আবদুর রহমান অসুস্থ বোধ করলে তাকে একটি মাইক্রোবাসে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে উদ্দেশ্যে যাত্রা করা হয়। মাঝপথে তাকে বহনকারী মাইক্রোবাসটি জামায়াত-শিবির কর্মীরা ভাংচুর করে।
পরে ভাঙা-চোরা মাইক্রোবাসে করেই তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করেন।
প্রণব চাকমা বলেন, গাড়ির ভেতরে হার্ট অ্যাটাকে রোগীর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা ধারণা করছেন।
ওই মাইক্রোবাসের চালক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবদুর রহমানকে কক্সবাজার সদর হাসপাতালে আনার পথে চেইন্দা এলাকায় জামায়াত-শিবির কর্মীরা রাস্তা আটকে গাড়ি ভাংচুর করে। সে সময় তার মাইক্রোবাসটিও ভাংচুরের শিকার হয়। প্রায় আধা ঘণ্টা গাড়িটি সেখানে আটকে থাকে।
