২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি

চাঁদপুরের মেঘনা নদীতে বাতাসের তোড়ে একটি সিমেন্ট বোঝাই ট্রলার ডুবে গেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 10:05 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

রোববার দুপুরে শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় ডুবে যাওয়া এ ট্রলারের নাম এমভি আকিব। এসময় ট্রলারের কেউ নিখোঁজ হয়নি বলে ট্রলার মালিক জানিয়েছেন।

ট্রলারটির মালিক আব্দুল খালেক বলেন, মেঘনা সেতু এলাকা থেকে এই ট্রলারটি সিমেন্ট নিয়ে লক্ষ্মীপুর যাচ্ছিল। পথে প্রচণ্ড বাতাস শুরু হলে ট্রলারটি তীরে ভিড়ানোর চেষ্টা করেন মাঝিরা। কিন্তু তার আগেই সেটি ডুবে যায়।

এতে দুই হাজার দুইশ বস্তা সিমেন্ট ছিল, যার মূল্য আনুমানিক ১০ লাখ টাকা বলে তিনি জানান।

ট্রলার মালিক আরো জানান, ট্রলারে থাকা মাঝি আব্দুল খালেক (৬০), আইয়ুব মাঝি (৫০), আব্দুল বারেক (৪৮) সামান্য আহত হন। তারা সাঁতরে পাড়ে চলে আসেন।

এদিকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের জন্য কোস্টগার্ড ও দমকল সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

কোস্টগার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা অলিউল্যা বলেন, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।