২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ‘জাগরণী মঞ্চে’ রাজিবের গায়েবানা জানাযা

হত্যাকাণ্ডের শিকার ব্লগার আহমেদ রাজীব হায়দারের গায়েবানা জানাযা শনিবার বাদ আসর রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত হয়েছে।

রংপুর প্রতিনিধি

শাহজাদা মিয়া আজাদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 01:31 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নির্মিত ‘জাগরণী মঞ্চ’ এই জানাযার আয়োজন করে। হাজার হাজার মানুষ এই জানাজায় শরিক হন।  

এর আগে দুপুরে জাগরণী মঞ্চের আন্দোলনকারীরা নগরীতে বিক্ষোভ সমাবেশ করে রাজিব হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত-শিবিরের স্বরূপ উন্মোচনে অনলাইনে লেখালেখিতে সক্রিয় এবং শাহবাগ আন্দোলনের কর্মী রাজীবকে শুক্রবার রাতে মিরপুরে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়।

জামায়াতই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে রাজীবের বন্ধু ও স্বজনরা দাবি করেছেন।

গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর ওই রায় প্রত্যাখ্যান করে শাহবাগ মোড়ে এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক। ধীরে ধীরে তা রূপান্তরিত হয় জনতার আন্দোলনে। রাজীব ছিলেন এই আন্দোলনের একজন সক্রিয় কর্মী।

পাবলিক লাইব্রেরী মাঠের সামনে তৈরি জাগরণী মঞ্চ থেকে শত শত আন্দোলনকারী বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জাগরণী মঞ্চে সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ সোমবার জামায়াতের ডাকা হরতাল প্রতিরোধে রাজপথে থাকার পাশাপাশি সকাল থেকে জাগরণী মঞ্চে কর্মসূচি চালানোর ঘোষণা দেন।

গত ১২দিন ধরে বিকাল চারটা থেকে মধ্যরাত পর্যন্ত ফাঁসির দাবিতে এই গণআন্দোলন চলছে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাফিজুল ইসলাম মান্টু, সৈয়দ মামুনুর রহমান, দেবদাস ঘোষ দেবু প্রমুখ।