যুদ্ধাপরাধীদের রক্ষার দোয়া, ইমাম বরখাস্ত
জুমার নামাজের মোনাজাতে যুদ্ধাপরাধীদের রক্ষায় দোয়া করার অভিযোগে গোপালগঞ্জে এক ইমামকে বরখাস্ত করা হয়েছে।
মুকসুদপুর উপজেলার মন্ডলগাতী জামে মসজিদের ইমাম আব্দুর রহমানকে শুক্রবার বরখাস্ত করা হয় বলে স্থানীয়রা জানান।
মসজিদ কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা আব্দুল খালেক অভিযোগ করেন, ইমাম আব্দুর রহমান শুক্রবার জুমার নামাজের পর যুদ্ধাপরাধীদের হেফাজত করার জন্য মোনাজাত করেন। এ ঘটনায় মুসল্লিদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে ইমামকে মসজিদ থেকে বিতাড়িত করা হয়েছে, বলেন তিনি।
তবে আব্দুর রহমান যুদ্ধাপরাধীদের রক্ষার মোনাজাতের কথা অস্বীকার করে বলেন, “আমি মোনাজাতে বলেছি বিশ্বের যত আলেমদের ওপর নির্যাতন হচ্ছে, বিনা অপরাধে সাজা পাচ্ছে, তাদের তুমি হেফাজত করো। যারা সাজা দিচ্ছে তাদের তুমি হেদায়েত দান করো।”
“এ মোনাজাত করার পর অনেকে ক্ষিপ্ত হন এবং পরে আমাকে মসজিদ থেকে বের করে দেয়া হয়,“ বলেন তিনি।
