২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংহতিতে জ্বলবে প্রদীপ হাতে হাতে’ 

যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে স্লোগানমুখর আরেকটি নির্ঘুম রাত পার করে শাহবাগে শুরু হয়েছে জাগরণের দশম দিন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 05:06 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বৃহস্পতিবার দিনের আলো ফুটতেই সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে গণজাগরণ মঞ্চের দশম দিনের কর্মসূচি শুরু হয়।

সকাল ৬টা ৫মিনিটে সবাই উঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত গেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে অবিচল থাকার শপথ নেন।

জাতীয় সংগীত শেষে সম্মিলিত কণ্ঠে তারা স্লোগান ধরেন-‘ফাঁসি, ফাঁসি, কাদের মোল্লার ফাঁসি চাই।’

আগের দিন পহেলা ফাল্গুন শাহবাগের আন্দোলনে এনে দেয় বান্তী রঙ। হলুদ কমলা গেরুয়া বাসন্তী সাজে তরুণ-তরুণীদের কণ্ঠে ছিল রাজাকারের ফাঁসি ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের স্লোগান।

একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আবারো সারা দেশকে ‘এক’ করতে সন্ধ্যা ৭টায় রয়েছে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি।

যে যেখানে থাকবেন সেখান থেকেই সবাই একটি করে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন শাহবাগের আন্দোলনকারীরা।

এর আগে গত মঙ্গলবার বিকালে যার যার অবস্থানে তিন মিনিট নিরবে দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে একাত্মতা জানানোর কর্মসূচিতে সারা দেশে দারুণ সাড়া পাওয়া যায়।

গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় আসার পর তা প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক। ধীরে ধীরে তা রূপান্তরিত হয় জনতার আন্দোলনে।    

সেই থেকে জাগ্রত জনতা রাতদিন শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে আসছে- ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই।’

ছাত্র-জনতার আন্দোলনের মুখে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের সুযোগ বাড়াতে ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের পাশাপাশি রাষ্ট্রপক্ষেরও আপিল করার সমান সুযোগ রেখে আইন সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। রোববারই এ আইন পাস হতে পারে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়া শাহবাগের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াত নিষিদ্ধের বিলও সংসদে উপস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী।