২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হরতালে সংঘাত, মৃত্যু

আব্দুল কাদের মোল্লার যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণার দিনে জামায়াতে ইসলামীর ডাকে সিলেট, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও বিক্ষিপ্ত বোমাবাজি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 02:31 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়ার পর চট্টগ্রামে পুলিশ বক্সে হামলার ঘটনায় গুলিতে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র নিহত হয়েছেন। আর ইসলামী ছাত্র শিবিরকর্মীরা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ালে রণক্ষেত্রে পরিণত হয় সিলেট নগরীর বিভিন্ন এলাকা।

রাজধানীতে অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুরের অভিযোগে জামায়াত-শিবিরের ৫২ কর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ।

রায় প্রত্যাখ্যান করে বুধবারও সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী। 

হরতালে বিশৃঙ্খলা এড়াতে মঙ্গলবার ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়কে অবস্থান নেন বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য। ট্রাইব্যুনাল এলাকাতেও আগের দিন থেকেই নেয়া হয় কঠোর নিরাপত্তা।

এর মধ্যেই পুরান ঢাকার ধানমণ্ডি, জুরাইন, যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ, ধোলাইপাড় ও কুতুবখালী, বাড্ডা, রামপুরা ও মিরপুরের শ্যাওড়া পাড়া এলাকায় জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ।    

হরতালের আগের রাতে বোমাবাজি করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চললেও সকালে রাজধানীতে অন্যান্য হরতালের তুলনায় বেশি বাস চলতে দেখা যায়। বিভিন্ন সড়কে প্রচুর রিকশা ও অটোরিকশা চলে।

সকালে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

Image
হরতালের সকালে যাত্রাবাড়ীর কাজলায় পুড়িয়ে দেয়া হয় একটি হিউম্যান হলার।

হরতালের সকালে যাত্রাবাড়ীর কাজলায় পুড়িয়ে দেয়া হয় একটি হিউম্যান হলার।

ভোরে মীর হাজিরবাগ, ধোলাইপাড় ও কুতুবখালী এলাকায় হরতাল কর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল ছুড়লে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

মীর হাজিরবাগে সকাল সাড়ে ৬টার দিকে কয়েকটি হাতবোমা ফাটানো হয়। এ সময় একজনকে আটক করা হয় বলে যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম জানান।

প্রায় একই সময়ে রামপুরায় শিবির কর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দুজনকে আটক করা হয় বলে রামপুরার ওসি দেলোয়ার হোসেন জানান।

মিছিল এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয় মিরপুরের শ্যাওড়া পাড়া এলাকাতেও। পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার ইমতিয়াজ আহেমেদ জানান, পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৬ জন আটক করা হয়।

সকাল ৭টার দিকে মহাখালী এলাকায় হরতালকারীরা মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে বনানীর ওসি মাহাবুবুর রহমান জানান।

এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি সাত মসজিদ রোডে শিবির কর্মীরা মিছিল বের করে বিআরটিসির একটি দোতালা বাস ভাঙচুর চালায়। পুলিশ তাদের ধাওয়া দিলে হরতালকারীরা ডজনখানেক হাতবোমা ফাটিয়ে আশপাশের গলিতে সরে যায়।এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ।

সকাল ৮টার দিকে কলেজ  গেইট এলাকায়  সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে হরতাল  সমর্থকরা। এসময় তারা একটি যাত্রীবাহী বাস ভাংচুর করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান শেরে বাংলানগর থানার ওসি আব্দুল মুহিত।

জামায়াত-শিবির কর্মীরা সকাল সোয়া ৯টা দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগ্যানাল মোড়ে আইসিবি ইসলামীক ব্যাংক বাংলাদেশের একটি স্টাফ বাসে আগুন দেয় বলে জানান নিউমার্কেট থানার এসআই লাল মিয়া।

Image
হরতালের সকালে মাতুয়াইলে কাঠের গুঁড়িতে আগুন দিয়ে অবরোধের চেষ্টা হয়।

হরতালের সকালে মাতুয়াইলে কাঠের গুঁড়িতে আগুন দিয়ে অবরোধের চেষ্টা হয়।

প্রায় একই সময় কাঁঠালবাগান এলাকায় একটি গাড়ি ভাংচুরের সময় তিন জনকে আটক করা হয়েছে বলে জানান কলাবাগান থানার ওসি মো. এনামুল হক।

যাত্রাবাড়ী থানার ওসি মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় জামায়াত-শিবির কর্মীরা হরতালের সমর্থনে একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সকাল সাড়ে ১০টার দিকে বিজয় নগর ও কাকরাইল মোড় এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে জামায়াত-শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সকাল থেকে ওই এলাকায় ৫/৬টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

যাত্রাবাড়ীতে দুপুর ১টার দিকে একটি বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা। এ সময় দুজনকে আটক করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, হরতালে রাজধানীতে অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর করার অভিযোগে জামায়াত-শিবিরের ৫২ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রামে নিহত-১

চট্টগ্রামে হরতালের সমর্থনে সকাল থেকেই ঝটিকা মিছিল করে জামায়াত-শিবির কর্মীরা। সকাল সোয়া ১০টার দিকে নগরীর নাসিরাবাদ এলাকায় তারা একটি টেম্পোতে আগুন দেয় বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) শহীদউল্লাহ।এছাড়া আন্দরকিল্লা এলাকায় গাড়ি ভাংচুরের চেষ্টা চালানোর সময় এক শিবির কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

Image
চট্টগ্রামের অলঙ্কার মোড়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ

চট্টগ্রামের অলঙ্কার মোড়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ

দুপুরে ট্রাইব্যুনাল কাদের মোল্লার যাবজ্জীবন সাজা দেয়ার খবর পাওয়ার পর পরই পিকেটিংরত জামায়াত-শিবির কর্মীরা বেপরোয়া হয়ে ওঠে। এ সময়ই তারা নগরীর বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা, যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় আসার পরপরই বেলা সোয়া ১টার দিকে নগরীর অলঙ্কার মোড়ে পুলিশ বক্সে হামলা চালায় জামায়অত শিবির কর্মীরা। এ সময় গুলিতে নিহত হয় একজন।

নগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) হাবিবুর রহমান জানান, জামায়াত ও ইসলামী ছাত্রশিবির কর্মীরা মিছিল নিয়ে হঠাৎ পুলিশ বক্সে হামলা চালায়। তারা এ সময় গুলি ছুঁড়লে পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরে সেখান থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে উপ কমিশনার জানান।

নিহত ইমরান খান (২০) চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র।

হামলায় পাহাড়তলী থানার ওসি আবদুর রউফসহ ১২ পুলিশ সদস্য আহত হয় বলে হাবিবুর রহমান দাবি করেন।

তিনি জানান, হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে, পরে মাহাবুব নামে আরো এক শিবিরকর্মীকে এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে দেয়।

Image
রাজশাহীর বিনোদপুরে পুলিশবহনকারী একটি টেম্পোতে আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা

রাজশাহীর বিনোদপুরে পুলিশবহনকারী একটি টেম্পোতে আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা

সিলেট রণক্ষেত্র

হরতালে দিনভর সিলেট নগরীর বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাংচুর, ধাওয়া পাল্টা ধাওয়া এবং হাতবোমা বিস্ফোরণ ঘটেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে শিবিরকর্মীরা নগরীর বন্দরবাজারে অবস্থান নেয়। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় সংঘর্ষ।

সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে আটক করে।

বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের অর্ধশতাধিক গুলি, কাঁদানে গ্যাস ও ‘সাউন্ড গ্রেনেড’ ব্যবহার করা হয়।

বন্দরবাজারের পর শিবিরকর্মীরা নয়াবাজার গিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এছাড়া কুমারপাড়া, শাহী ঈদগাহ, নাইওরপুল, সোবহানীঘাট, মেডিকেল সড়ক এলাকায় হকিস্টিক, লাটিসোটা নিয়ে ঝটিকা মিছিল করে ভাংচুর চালায় হরতালকারীরা।

মাঠে হরতালবিরোধীরাও

জামায়াতের ডাকা হরতালের সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে হরতালবিরোধী সমাবেশ ও মিছিল হতে দেখা যায়। গুলিস্তান, কারওয়ানবাজার, গাবতলী, মহাখালী, কলেজ গেইট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করে আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন সংগঠন।

বাংলাদেশ শ্রমিক লীগের নেতাকর্মীরা সকাল ১০টার দিকে গুলিস্তান এলাকায় হরতালবিরোধী মিছিল করে।

এছাড়া একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার এবং রায় কার্যকরের দাবিতে হাই কোর্টের সামনে সমাবেশ করে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা সংসদ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান।

Image
রাজধানীর মাতুয়াইলে একটি বাস পুড়িয়ে দেয় হরতালকারীরা।

রাজধানীর মাতুয়াইলে একটি বাস পুড়িয়ে দেয় হরতালকারীরা।

হরতাল বুধবারও

যুদ্ধাপরাধের মামলার রায় প্রত্যাখ্যান করে বুধবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছে কাদের মোল্লার দল জামায়াতে ইসলামী।

দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান দুপুরে এক বিবৃতিতে বলেন, ট্রাইব্যুনাল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে যে রায় ঘোষণা করেছে তা ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সরকার নির্দেশিত’।

“এ রায় প্রত্যাখ্যান করার পাশাপাশি সরকারের ষড়যন্ত্র, চক্রান্ত ও বিচারের নামে অবিচারের প্রতিবাদে আমাদের ঘোষিত গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবারও সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হবে।”

‘আন্দোলনের মাধ্যমে’ আব্দুল কাদের মোল্লাসহ জামায়াতের সব শীর্ষ নেতাকে মুক্ত করে আনা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

কাদের মোল্লার মামলায় রায়ের জন্য মঙ্গলবার দিন রাখার কয়েক ঘণ্টার মধ্যে সোমবার দুপুরে হরতালের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।

রায়ে ‘সরকারের নীল নকশার শাস্তি বিধানের’ প্রতিফলন ঘটলে পরদিন বুধবার থেকে লাগাতার হরতালের ঘোষণা দেন রফিকুল ইসলাম খান।

এরপর সন্ধ্যার পর থেকেই বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলে।

এর মধ্যেই সোমবার রাত ১০টার দিকে উত্তরার আজমপুর বাস স্ট্যান্ড এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হলে পুড়ে মারা যান এক ব্যাংক কর্মকর্তা। এ ঘটনায় জামায়াত-শিবিরের ৯৪ কর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

হরতালের কারণে মঙ্গলবারের এসএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। এদিনের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় হবে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. ওয়াহিদুজ্জামান।

একাত্তরে ধুন, ধর্ষণ লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়ে গত ২১ জানুয়ারি জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই ধরনের অভিযোগে জামায়াতের সাবেক আমীর গোলাম আযম, বর্তমান আমীর মতিউর রহমান নিজামীসহ শীর্ষ সাত নেতা ও বিএনপির দুই জনের বিচার চলছে ট্রাইব্যুনালে।

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী শুরু থেকেই এই বিচারের বিরোধিতা করে এলেও গত কিছুদিন ধরে দলটির নেতাকর্মীরা সারা দেশে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরসহ বিভিন্নভাবে সহিংসতায় জড়াচ্ছে।

এ কারণে সরকারের শরিক দলগুলোসহ বিভিন্ন মহল থেকে জামায়াতে ইসলামীর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের জোরালো দাবি এসেছে। এ দাবিতে হরতালও করেছে সিপিবি, বাসদসহ কয়েকটি বাম দল।

আর ট্রাইব্যুনাল বাতিল ও শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এর আগে দুই দফা হরতাল করে জামায়াতে ইসলামী। সর্বশেষ ৩১ জানুয়ারির হরতালে তাদের প্রধান শরিক বিএনপিও সমর্থন দেয়।

পুরনো খবর:

বিচার ‘ঠেকাতে’ হরতাল ডেকেছে জামায়াত
নিরাপত্তার সব বন্দোবস্ত থাকবে: পুলিশ
মঙ্গলবারের পরীক্ষা পিছিয়েছে
উত্তরায় বাসে আগুন, পুড়ে মরলেন একজন