২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার সব বন্দোবস্ত থাকবে: পুলিশ

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লার মামলার রায় এবং দলটির হরতালকে কেন্দ্র করে মঙ্গলবার রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেবে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 06:14 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লার রায়ের দিন ঠিক করার পরপরই একে ‘প্রহসনের বিচার’ আখ্যায়িত করে মঙ্গলবার দেশব্যাপী হরতাল ডাকে জামায়াত।

Image
যুদ্ধাপরাধী আবুল কালাম আযাদের রায়কে কেন্দ্র করে কঠোর নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

যুদ্ধাপরাধী আবুল কালাম আযাদের রায়কে কেন্দ্র করে কঠোর নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মনিরুল ইসলাম বলেন, “ট্রাইব্যুনাল এবং তার আশপাশ ঘিরে পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সাদা পোশাকে পুলিশ ছাড়াও আর্চওয়ে, সিসিক্যামেরা, চেকপোস্টসহ প্রয়োজনীয় সবকিছু থাকবে।”

এই রায়কে ঘিরে জামায়াত-শিবির যেন আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেজন্য পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

এই জন্য সাদা পোশাকের পুলিশ তথ্য সংগ্রহ করছে বলে মনিরুল ইসলাম জানান।

রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবির নেতা কর্মীদের ঢাকায় জড়ো করার কোনো খবর পুলিশের কাছে রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, সম্ভাব্য সব বিষয়ে গোয়েন্দা পুলিশ পর্যবেক্ষণ করছে।

“রায় ঘোষণার আগে-পরে এবং ট্রাইব্যুনাল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ কাজ করছে, এরই মধ্যে হরতাল ডাক দেয়ায় নিরাপত্তার জন্য বাড়তি কাজ করতে হচ্ছে পুলিশকে,” বলেন মনিরুল।       

যুদ্ধাপরাধে আটক শীর্ষনেতাদের মুক্তি দাবিতে বিক্ষোভ থেকে গত কিছুদিন ধরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসছে জামায়াত-শিবিরকর্মীরা। 

Image
আটক শীর্ষনেতাদের মুক্তি দাবিতে সোমবার মতিঝিলে জামায়াতে ইসলামীর সমাবেশ।

আটক শীর্ষনেতাদের মুক্তি দাবিতে সোমবার মতিঝিলে জামায়াতে ইসলামীর সমাবেশ।

কিন্তু সোমবার পুলিশ পাহারায় মতিঝিলে মিছিল-সমাবেশ করে দলটি।

এনিয়ে প্রশ্ন করা হলে পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, “আমরা রাজনৈতিক কর্মসূচির বিপক্ষে নই। নিবন্ধিত কোনো দল সভা-সমাবেশ করার অনুমতি চাইলে সার্বিক বিষয়ে তথ্য নিয়ে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।”

তিনি জানান, জামায়াত বায়তুল মোকাররমের উত্তর ফটকে সমাবেশ করার অনুমতি চেয়েছিল, কিন্তু তাদের ‘লিখিতভাবে’ অনুমতি দেয়া হয়নি।

মনিরুল এই কথা বললেও মতিঝিল শাপলা চত্বর এলাকায় সমাবেশে জামায়াতকে কোনো বাধা দেয়নি পুলিশ, বরং জামায়াতকর্মীদের হাত থেকে ফুল নিতেও পুলিশ সদস্যদের দেখা গেছে।