২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার ‘ঠেকাতে’ হরতাল ডেকেছে জামায়াত

আব্দুল কাদের মোল্লার যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণার নির্ধারিত দিনে সারা দেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 10:26 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

Image
বৃহস্পতিবার সকালে রাজধানীর শনির আখড়া এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শনির আখড়া এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা।

দলিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সোমবার এক বিবৃতিতে বলেন, “এসএসসি পরীক্ষা চলমান থাকা অবস্থায়ও সরকারের নীল নকশার ষড়যন্ত্র ও বিচারের নামে অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্য হরতাল কর্মসূচি ঘোষণা করছি।

আর রায়ে ‘সরকারের নীল নকশার শাস্তি বিধানের’ প্রতিফলন ঘটলে পরদিন বুধবার থেকে লাগাতার হরতালের ঘোষণা দেন এই জামায়াত নেতা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মামলায় রায়ের জন্য মঙ্গলবার দিন রাখার কয়েক ঘণ্টার মাথায় রফিকুল ইসলামের এই বিবৃতি আসে। 

একাত্তরে ধুন, ধর্ষণ লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়ে গত ২১ জানুয়ারি জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই ধরনের অভিযোগে জামায়াতের সাবেক আমীর গোলাম আযম, বর্তমান আমীর মতিউর রহমান নিজামীসহ শীর্ষ সাত নেতা ও বিএনপির দুই জনের বিচার চলছে ট্রাইব্যুনালে।

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী শুরু থেকেই এই বিচারের বিরোধিতা করে এলেও গত কিছুদিন ধরে দলটির নেতাকর্মীরা সারা দেশে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরসহ বিভিন্নভাবে সহিংসতায় জড়াচ্ছে।

এ কারণে সরকারের শরিক দলগুলোসহ বিভিন্ন মহল থেকে জামায়াতে ইসলামীর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের জোরালো দাবি এসেছে। এ দাবিতে হরতালও করেছে সিপিবি, বাসদসহ কয়েকটি বাম দল।

আর ট্রাইব্যুনাল বাতিল ও শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এর আগে দুই দফা হরতাল করে জামায়াতে ইসলামী। সর্বশেষ ৩১ জানুয়ারির হরতালে তাদের প্রধান শরিক বিএনপিও সমর্থন দেয়।

রফিকুল ইসলাম খানের বিবৃতিতে বলা হয়, “আমরা বারবার বলে আসছি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে জামায়াত নেতৃবৃন্দকে শাস্তি প্রদানের জন্য ট্রাইব্যুনাল গঠন করেছে।... বিশ্ব জনমতকে উপেক্ষা করে সরকার রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের জন্য এই বিচার কার্য পরিচালনা করছে।

ট্রাইব্যুনালের বিচার ‘প্রতিহত’ করার ঘোষণা দিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, “আমরা স্পষ্ট বলে দিতে চাই সরকারি পরিকল্পনায় বিচারের নামে এই রাজনৈতিক প্রতিহিংসার চক্রান্ত দেশবাসী প্রতিহত করবে।”

পুরনো খবর:

কাদের মোল্লার রায় মঙ্গলবার