মঙ্গলবারের পরীক্ষা পিছিয়েছে
জামায়াতে ইসলামী হরতাল ডাকার পর মঙ্গলবারের এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে।
এদিন অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. ওয়াহিদুজ্জামান।
জামায়াত হরতাল ডাকার ঘণ্টা খানেকের মধ্যে তিনি সোমবার বিকালে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ও মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করেছে। মঙ্গলবারের পরীক্ষাগুলো আগামী শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সারাদেশে রোববার একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।
এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে এদিন কুরআন মজিদ ও তাজবীদ এবং কারিগরি বোর্ডের অধীনে কুরআন মজিদ ও তাজবীদ (২) সৃজনশীল পরীক্ষা হওয়ার কথা ছিল।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন হচ্ছে অভিযোগ করে তার প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী হরতাল ডেকেছে জামায়াত।
যুদ্ধারাধ ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার রায়ের দিন ঘোষণার পরপরই এই হরতাল ডাকা হয়। মঙ্গলবার ওই রায় হবে।
পরীক্ষা শুরুর দিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজনৈতিক দলগুলোকে এই সময়ে কর্মসূচি না দেয়ার আহ্বান জানিয়েছিলেন।
