২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে জুয়েলারি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে নারায়ণগঞ্জের জুয়েলারি ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 10:26 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

বাংলাদেশ জুয়েলারি সমিতি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এবং দোকান মালিক সমিতির সহ সভাপতি মো. হানিফউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমকে বলেন, “পুলিশ আমাদের নিরাপত্তা ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের আশ্বাস দেয়ায় সোমবার সকাল থেকে ধর্মঘট তুলে নিয়েছি।”

শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের মীনাবাজার এলাকায় সেলিম মার্কেটে রিফাত জুয়েলার্সে ৪/৫ জন সশস্ত্র দুর্বৃত্ত দোকানের কর্মচারীদের জিম্মি করে এবং দোকানের সামনের রাস্তায় বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটায়। আতঙ্কে আশপাশের দোকান বন্ধ করে ফেললে রিফাত জুয়েলার্স থেকে অন্তত তিনশ’ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে রোববার থেকে ধর্মঘট শুরু করেন জেলার জুয়েলারি ব্যবসায়ীরা।

হানিফউদ্দিন জানান, রোববার রাতেই নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে করেন। বৈঠকে নিরাপত্তা এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারেরও আশ্বাস দেয়া হয়। এছাড়া সোমবার সকাল থেকে টানবাজার ও মিনাবাজার এলাকায় পাঁচজন পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বলেও নিশ্চিত করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতদের গ্রেপ্তার ও স্বর্ণ উদ্ধারে অভিযান শুরু হয়েছে। শিগগিরই ডাকাতদের শনাক্ত করা সম্ভব হবে।