২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিরোধের মুখে ফিরলেন এশিয়া এনার্জি কর্মকর্তা

স্থানীয়দের প্রতিরোধের মুখে ফুলবাড়ী না গিয়েই ফিরতে হয়েছে এশিয়া এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি লাইকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মামুনুর রশীদ ও মোর্শেদুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 12:21 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

মঙ্গলবার খনি এলাকায় কম্বল বিতরণের জন্য দিনাজপুর যান এশিয়া এনার্জি কর্মকর্তা, আন্দোলনের মুখে যাদের দেশে থেকে বহিষ্কারের দাবি ২০০৬ সালে মেনে নিয়েছিল সরকার।

সম্প্রতি যুক্তরাজ্যের এই কোম্পানি নতুন করে ওই এলাকায় জরিপ কাজ শুরুর উদ্যোগ নেয়ার পর থেকে স্থানীয়দের মধ্যে অসন্তোষ চলছে।

এর ধারাবাহিকতায় এশিয়া এনার্জির নির্বাহী প্রধানের সফরের খবরে উন্মুক্ত থনিবিরোধী স্থানীয়দের বিক্ষোভে সকাল থেকে উত্তপ্ত ছিল ফুলবাড়ী, যার উত্তাপ পাশের উপজেলা বিরামপুর পর্যন্ত ছড়িয়েছিল।

এর মধ্যে দুপুরে দিনাজপুর শহরে পৌঁছান গ্যারি লাই। বেলা সাড়ে ১২টায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাদের উপস্থিতিতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তিনি।

Image
ফুলবাড়ীতে গত বছর হরতালের সমর্থনে মিছিল।

ফুলবাড়ীতে গত বছর হরতালের সমর্থনে মিছিল।

উত্তেজনাকর পরিস্থিতিতে প্রশাসনিক কর্মকর্তারা তাকে খনি এলাকা পরিদর্শনে না যাওয়ার পরামর্শ দেন।

জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী সাংবাদিকদের বলেন, এশিয়া এনার্জির প্রধান নির্বাহী বিরামপুর এবং পার্বতীপুর উপজেলায় তার সফর ও কম্বল বিতরণ কাজে অংশ নেয়ার জন্য জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলেন।

“আমরা ওই এলাকার উত্তেজনাকর পরিস্থিতির কথা জানিয়ে তাকে সেখানে সফর না করার পরামর্শ দিয়েছি।”

“গ্যারি লাইয়ের আগমন ও সফরের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় তাকে সহযোগিতা করা সম্ভব নয় বলে জানিয়ে দেয়া হয়েছে,”  বলেন জেলা প্রশাসক।

এরপর খনি এলাকায় না গিয়ে দিনাজপুর থেকে ফিরে আসেন এশিয়া এনার্জির কর্মকর্তা।

তবে কম্বল বিতরণ কর্মসূচিতে ‘সহযোগিতা’ করায় এক বিবৃতিতে তিনি বিরামপুর, পার্বতীপুর এবং নবাবগঞ্জ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

তবে কোনো কর্মসূচিতেই ছিলেন না গ্যারি লাই, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উপস্থিত থাকার কথা থাকলেও তাদেরও দেখা যায়নি।

বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান, বিরামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, বিশেষ অতিথি হিসেবে বিরামপুর পৌরসভা মেয়র আজাদুল ইসলাম আজাদের নাম ঘোষণা হলেও তারা ছিলেন না।

কম্বল বিতরণ কর্মসূচিতে কেন যাননি- জানতে চাইলে রাজু সাংবাদিকদের বলেন, “সেখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওখানকার বিপুল সংখ্যক মানুষ খনি চায় না। সুতরাং তাদের (এশিয়া এনার্জি) হয়ে কম্বল বিতরণ করতে গিয়ে পিটুনি খাব নাকি?”

তিনি দাবি করেন, তাকে না জানিয়েই কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি করা হয়।

বিরামপুর থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরামপুরে গ্যারি লাইয়ের সফর বাতিল করা হয়েছে।”

“খানপুরের পাশে রতনপুর বাজারে বিপুল সংখ্যক আন্দোলনকারী জড়ো হয়েছে- এরকম খবর আমাদের কাছে ছিল। আর

অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের প্রস্তুতিও ছিল।”

কম্বল বিতরণ কর্মসূচিতে অংশ না নেয়ার কারণ সাংবাদিকরা জানতে চাইলে গ্যারি লাই সেই প্রশ্নে এড়িয়ে যান। তিনি প্রশ্নের উত্তর লিখিতভাবে জানাবেন বলে জানান।

পরে তাকে প্রশ্নগুলো লিখিত আকারে জমা দেয়া হলেও তিনি বিবৃতিতে কর্মসূচিতে অংশ না নেয়ার বিষয়ে কিছু বলেননি।

এশিয়া এনার্জির কর্মকর্তা বলেন, “কয়লা প্রকল্পের কাজ এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর। এতে স্থানীয় জনসাধারণের জীবনমানের উন্নতি হবে বলে আমরা আশা করি।”

দিনাজপুর থেকে ফুলবাড়ী যেতে বিরামপুরের ওপর দিয়ে যেতে হয়। বিরামপুর থেকে ফুলবাড়ীর দূরত্ব প্রায় ১০ কিলোমিটার।

এদিকে সোমবার এশিয়া এনার্জি কর্মকর্তার খনি এলাকা পরিদর্শনের খবর প্রচার হওয়ার পর থেকেই ফুলবাড়ীসহ বিরামপুর ও পার্বতীপুর উপজেলা উত্তপ্ত হয়ে ওঠে।

উন্মুক্ত খনিবিরোধী তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে সেখানে দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

তেল-গ্যাস রক্ষা কমিটির ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম জুয়েলের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুলবাড়ীতে লাঠি মিছিল বের করে শত শত মানুষ।

ফুলবাড়ী সম্মিলিত ব্যবসায়ী ও পেশাজীবী পরিষদের আহ্বায়ক পৌর মেয়র মানিক সরকারের নেতৃত্বে প্রায় আড়াই’শ মোটর সাইকেল নিয়ে মঙ্গলবার হয় লাঠি মিছিল। মিছিলটি বিরামপুরের রতনপুর পর্যন্ত গিয়ে আবার ফুলবাড়ী ফিরে আসে।

দুপুরের পর গ্যারি লাই সফর বাতিল করে ঢাকায় ফিরে গেছেন- এ সংবাদ শোনার পর তিন উপজেলার পরিস্থিতি শান্ত হয়ে আসে।

২০০৬ সালের ২৬ অগাস্ট ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল এবং উত্তোলনকারী কোম্পানি এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির মিছিল-সমাবেশে গুলি চালায় পুলিশ। এতে নিহত হন আল আমিন, সালেকীন ও তরিকুল। আহত হন দুই শতাধিক।

ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়লে তৎকালীন বিএনপি সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে চুক্তি করে পরিস্থিতি শান্ত করে। চুক্তিতে নিহতদের ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি উন্মুক্ত পদ্ধতিতে খনন না করার কথাও বলা হয়।

ওই সময় স্বাক্ষরিত ৬ দফা চুক্তির মধ্যে আরো ছিল- এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার, নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ, গুলিবর্ষণকারীদের শাস্তি, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের সব মামলা প্রত্যাহার।

Image
ফুলবাড়ী আন্দোলনে নিহতদের স্মরণে নির্মিত স্তম্ভ।

ফুলবাড়ী আন্দোলনে নিহতদের স্মরণে নির্মিত স্তম্ভ।

নিহত ও আহতদের কিছু ক্ষতিপূরণ এবং মামলা প্রত্যাহারের দাবি মেনে নিলেও অন্য দাবিগুলো অপূর্ণ রয়ে গেছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নিলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূইয়া উন্মুক্ত পদ্ধতিতে কয়লা আহরণের পক্ষে বলে আসছেন।

সর্বশেষ পদক্ষেপ হিসেবে গত বছরের ১৪ অক্টোবর ফুলবাড়ী কয়লাখনি এলাকায় একাধিক জরিপ কাজে এশিয়া এনার্জিকে সহায়তা করার নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, কোম্পানিটি পূর্ববর্তী অনুসন্ধানের কার্যকরিতা, কৃষি সম্ভাব্যতা, জনসংখ্যা, ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা, পরিবেশগত উন্নয়নসহ সমগ্র প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করতে চায়। খনিজ অনুসন্ধান লাইসেন্স ও খনি লিজ থাকায় তাদের এসব কাজ করার অধিকার আছে।

এ চিঠি প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ীতে গত বছরের ২৪ নভেম্বর সকাল-সন্ধ্যা হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

পুরনো খবর:

মন্ত্রণালয়ের চিঠি: ফুলবাড়ীতে ক্ষোভ
প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষায় এশিয়া এনার্জি
ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি