২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষায় এশিয়া এনার্জি

নাম বদলে ‘গ্লোবাল কোল ম্যানেজমেন্ট রিসোর্সেস’ হয়ে যাওয়া এই কোম্পানির চেয়ারম্যান লন্ডনে বার্ষিক সাধারণ সভায় যখন বিষয়টি জানালেন, বাইরে তখন চলছে তুমুল বিক্ষোভ। বিশ্বদীপ দাশের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2012, 03:59 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

ফুলবাড়ীতে কয়লা উত্তোলনের জন্য চূড়ান্ত অনুমোদন পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতির অপেক্ষায় রয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান গ্লোবাল কোল ম্যানেজমেন্ট (জিসিএম) রিসোর্সেস।

আগে এশিয়া এনার্জি নামে পরিচতি এই প্রতিষ্ঠান এরই মধ্যে প্রকল্পটি নিয়ে বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষ করেছে।

বৃহস্পতিবার লন্ডনে জিসিএম এর বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেরার্ড হোল্ডেন এসব তথ্য জানান।

বার্ষিক সাধারণ সভা চলার সময় জিসিএমের কার্যালয়ের সামনে কয়লা ফেলে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা আহরণের পরিকল্পনা থেকে সরে আসার দাবি জানায় বাংলাদেশের তেল-গ্যাস খনিজ সম্পদ, বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির যুক্তরাজ্য শাখাসহ পরিবেশ আন্দোলনের কর্মীরা।

জেরার্ড হোল্ডেন তার বক্তৃতায় বলেন, “প্রতিষ্ঠানের ২০১২ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সরকারের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে আমরা ফুলবাড়ি কয়লা খনি প্রকল্পের অনুমোদন লাভের চেষ্টা করছি।”

“গত নয় মাস ধরে বাংলাদেশের সংশ্লিষ্ট সব সরকারি কর্মকর্তা ও কয়লার সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে আমরা বৈঠক করেছি। এখন আমরা বিদ্যুৎ, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছি।”

চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফুলবাড়ী প্রকল্প এলাকায় জরিপের কাজও প্রায় শেষ করেছেন তারা।

শিগগিরিই এ প্রকল্পে বাংলাদেশ সরকারের অনুমোদন পাওয়া যাবে বলেও সভায় আশা প্রকাশ করেন জিসিএম চেয়ারম্যান জেরার্ড হোল্ডেন।

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে ও এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কারের দাবিতে ২০০৬ সালের ২৬ অগাস্ট ফুলবাড়ীতে জনতার বিক্ষোভে পুলিশ গুলি চালালে তিনজন নিহত হন। এরপর এই প্রকল্পের কাজ বন্ধ রাখতে বাধ্য হয় কোম্পানিটি।

সম্প্রতি ওই এলাকায় জিএসএমের এই জরিপে সহায়তার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে তার বিরুদ্ধে আন্দোলন করে স্থানীয়রা। এজন্য ফুলবাড়িতে একদিন হরতালও পালন করা হয়।

ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা আহরণ ১ লাখ ৩০ হাজার মানুষকে বাস্তুহারা করবে দাবি করে এই পরিকল্পনার প্রতিবাদ জানাচ্ছে পরিবেশবাদীরাও।

এদিকে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, বৃহস্পতিবার ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ম্যুভমেন্ট ও ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি প্রজেক্ট নামে দুটি সংগঠন জিএসএমের বিরুদ্ধে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ করেছে।

এতে বলা হয়েছে, ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রকল্প বাস্তবায়িত হলে ওই কোম্পানি ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষকে ঘরবাড়ি থেকে জোর করে উচ্ছেদ করবে।

ওই অভিযোগে এই বছরের শুরুর দিককার জাতিসংঘের এক প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষের নিরাপদ পানির সঙ্কটে পড়ার শঙ্কা প্রকাশ করা হয়েছে।

এশিয়া এনার্জি অবশ্য বলছে, এই খনির কারণে ৪০ হাজার মানুষ ঘর হারালেও ১৭ হাজার চাকরির সুযোগ সৃষ্টি হবে।

ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্টের প্রকাশ করা নথি অনুযায়ী, জিসিএমের কর্তাব্যক্তিরা বাংলাদেশ সরকার ও কোম্পানির মধ্যে সম্পর্ক সহজ করতে যুক্তরাজ্যের বাণিজ্য ও শিল্প বিভাগের কাছে অনুরোধ করেছে।

জিসিএম এর প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী, প্রায় সাড়ে ১৪ হাজার একর জমি জুড়ে এক হাজার ফুট গভীর খনি খনন করে ৫৭২ মিলিয়ন টন কয়লা উত্তোলন করা হবে।

আর উত্তোলিত কয়লার পাঁচ ভাগের এক ভাগ বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে ব্যবহার করা হবে। বাকি কয়লা বিদেশে রপ্তানি হবে।

ফুলবাড়ীতে প্রস্তাবিত এ প্রকল্পের বিরুদ্ধে শুরু থেকে আন্দোলন করে আসছে বাংলাদেশের তেল-গ্যাস খনিজ সম্পদ, বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।