ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
২৬ অগাস্ট ফুলবাড়ী দিবস পালন উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি এশিয়া এনার্জি দিনাজপুর জেলার ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে ওই অঞ্চলে মানুষ এর প্রতিবাদ করে। এশিয়া এনার্জির সঙ্গে অসম চুক্তি বাতিলের দাবিতে ২০০৬ সালের ২৬ অগাস্ট ফুলবাড়ীতে হাজার হাজার মানুষের প্রতিবাদ সমাবেশে পুলিশ গুলি চালালে ৩ জন নিহত ও ২০ জন গুলিবিদ্ধ হন। এরপর থেকেই দিনটি ‘ফুলবাড়ী দিবস’ হিসেবে পালন করা হয়ে আসছে।
জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “২৬ অগাস্টের গুলিবর্ষণের ঘটনার পরে সারাদেশের মানুষ গণঅভ্যুত্থানে সামিল হলে ৩০ অগাস্ট ফুলবাড়ী চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে জনগণের প্রাথমিক বিজয় অর্জিত হয়।”
কিন্তু এখনো সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন, “তখন চুক্তির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চুক্তি স্বাক্ষরের এক সপ্তাহের মধ্যে তিনি ফুলবাড়ীতে আন্দোলনরত মানুষদের অভিনন্দন জানিয়ে চারদলীয় জোট সরকারের কাছে অবিলম্বে চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছিলেন।”
এই চুক্তি বাস্তবায়ন না করার পরিণতি ‘ভয়াবহ’ হবে বলেও সতর্ক করেন আনু মুহাম্মদ।
তিনি বলেন, “শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকার সাড়ে তিন বছর ধরে ক্ষমতায় থাকলেও ওই চুক্তির পূর্ণ বাস্তবায়ন না করে উল্টো চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের জন্য সর্বনাশা উন্মুক্ত খনির পক্ষে নানা তৎপরতা চালাচ্ছে।”
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন নিষিদ্ধ করে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পায়নসহ জাতীয় প্রয়োজনে কয়লা সম্পদের শতভাগ ব্যবহার নিশ্চিত করতে কার্যকর জাতীয় সংস্থা গঠন করার দাবি জানান তিনি।
এছাড়া বড়পুকুরিয়া এলাকার কৃষকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, কনোকো-ফিলিপসের সঙ্গে চুক্তি বাতিল ও খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ করে আইন প্রণয়ন এবং বিদ্যুৎ উৎপাদনে রেন্টাল ও কুইক রেন্টাল পদ্ধতি বাতিল করে টেকসই পদ্ধতি গ্রহণের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
অন্যদের মধ্যে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএএইচ/জেকে/১৬৪২ ঘ.
bdnews24