দিনাজপুর, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া এনার্জিকে দিনাজপুরের ফুলবাড়ীতে জরিপ কাজে সহযোগিতা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠিকে কেন্দ্র করে এলাকার মানুষ বিক্ষুব্ধ কয়ে উঠেছে।
শনিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটি আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে।
ফুলবাড়ী শাখা কমিটির আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল কমসূচি ঘোষণা করেন এবং চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জির অফিস বন্ধ এবং অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি প্রত্যাহারের দাবি জানান।
তাদের কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান এবং ২৩ নভেম্বর ফুলবাড়ীতে প্রতিবাদ সমাবেশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী এবং ফুলবাড়ী পৌরসভার মেয়র মানিক সরকার।
গত ১৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (রাজনৈতিক শাখা-২) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ফারুক-উজ-জামান স্বাক্ষরিত চিঠিটি দিনাজপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, ফুলবাড়ী, পার্বতীপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়রদের কাছে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছে।
এ ব্যাপারে এলাকাবাসীর ক্ষোভের বিষয়টি তার অবগত আছে। বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে তিনি জানান।
ফুলবাড়ী পৌর মেয়র মানিক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিঠি পেয়ে তিনি অবাক হয়েছেন, কারণ সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন- ফুলবাড়ীর কয়লাসম্পদ আগামী প্রজন্মের জন্য মজুদ রাখবেন এবং কয়লা উত্তোলনের ক্ষেত্রে এলাকাবাসীর সম্মতির বাইরে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না।
এরপরও এশিয়া এনার্জিকে জরিপকাজে সহায়তা দেয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি নতুন করে ফুলবাড়ীকে অশান্ত করে তুলবে। খনি এলাকার মানুষ সংগঠিত রয়েছে, যার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। নতুন করে আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি চলছে ঘরে ঘরে, বলেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, এশিয়া এনার্জি কোম্পানি আগের অনুসন্ধানের কার্যকারিতা, কৃষি সম্ভাব্যতা, জনসংখ্যা, ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা, পরিবেশগত উন্নয়নসহ সমগ্র প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করতে চায়।
খনিজ অনুসন্ধান লাইসেন্স ও খনন লিজ থাকায় তাদের এসব কাজ করার অধিকার রয়েছে। খনিজ সম্পদ আহরণের অনুমোদন সরকার চুড়ান্ত না করলেও প্রচলিত আইন এবং লাইসেন্সের আওতায় এশিয়া এনার্জি শুধু খনিজ সম্পদ অনুসন্ধানের লক্ষ্যে প্রযুক্তিগত প্রাক-মূল্যায়ন, পরিকল্পনা, প্রকল্প বিশে¬ষণের কার্যক্রম পরিচালনা করতে পারে।
ওই প্রতিষ্ঠান আগামী দুই বছর জরিপকাজ চালাবে। এ কাজ নির্বিঘেœ পালনের জন্য এশিয়া এনার্জিকে প্রয়োজনীয় সহযোগিতা ও ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১০ ঘ.
bdnews24