২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পুলিশের ধাওয়ায় ডাকাত নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে শনিবার পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় এক ডাকাত নিহত হয়েছে। আহত হয় পুলিশসহ অন্তত ছয়জন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজে টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 10:28 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে গঙ্গারামপুরে এ সংঘর্ষে নিহত আলমগীর হোসেন (৪০) খুলনা নগরীর ৫নং ঘাট এলাকার বাসিন্দা।

আহত পুলিশ ও ডাকাত দলের সদস্যদের গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, পুলিশের গুলিতে আলমগীরের মৃত্যু হয়েছে। তবে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের দাবি, পালানোর সময় গাড়িচাপায় তার মৃত্যু হয়েছে।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এএসআই শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ৩টার দিকে ৮/১০ জন ডাকাত সদর উপজেলার মেরী গোপীনাথপুরে কৃষি গবেষণা কেন্দ্রের নির্মাণ সামগ্রী (রড, পাইপসহ অন্যান্য মালামাল) ট্রাকে তুলছিল।

গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের টহলরত পুলিশ বিষয়টি টের পেয়ে তাদের ধরতে ট্রাকে ওঠে। এ সময় ডাকাতরা পুলিশ সদস্য খায়রুল বাহার বিশ্বাসকে (৪০) রড দিয়ে আঘাত করে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়।

গোপীনাথপুর ফাঁড়ির পুলিশ তাদের পিছু নেয়। ডাকাতরা ট্রাক নিয়ে হরিদাসপুর হয়ে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে ওঠে।

এএসআই শহিদুল আরো বলেন, এদিকে খবর পেয়ে বৌলতলী ও সিন্ধিয়াঘাট ফাঁড়ির পুলিশ বৌলতলী পুলিশ ফাঁড়ির সামনে এবং গঙ্গারামপুরে সড়কে গাছের গুড়ি ফেলে ব্যারিকেড দেয়।

ডাকাতরা এ ব্যারিকেড ভেঙে পালানোর সময় পুলিশ ট্রাক লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ডাকাতরাও রড ও পাইপ ছুঁড়ে পাল্টা জবাব দেয়। এ সময় এক ডাকাত নিহত হয়। আহত হয়  তিন পুলিশ ও তিন ডাকাত।

পুলিশ আহত তিন ডাকাতকে আটক করলেও অন্যরা পালিয়ে গেছে, বলেন এসআই শহিদুল।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম গুলিতে ডাকাত নিহত হওয়ার কথা অস্বীকার করে বলেনন, পালানোর সময় ট্রাকের নিচে পড়ে এক ডাকাতের মৃত্যু হয়েছে।

তবে পুলিশ গুলি ছুঁড়েছে কিনা কিংবা ছুঁড়লে কত রাউন্ড ছুঁড়েছে তা পরে জানানো হবে বলেন তিনি।