বরিশালে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশত
বরিশাল সদরের শায়েস্তাবাদে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।
এ ঘটনার পর পুলিশ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শামীমসহ দলটির ৪৩ নেতাকর্মীকে আটক করেছে।
আওয়ামী লীগ কর্মীরা বিএনপি নেতা শামীম আয়োজিত একটি পিকনিকের প্যান্ডেল ভেঙে দিলে সংঘর্ষের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছে।
প্রথম দফা সংঘর্ষে গুলিতে আওয়ামী লীগ নেতা ও শায়েস্তাবাদ ইউপি’র চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, শহীদুল জমাদ্দার, নাসির মৃধা ও বশির মৃধা আহত হন। তাদেরবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে ওই ইউনিয়নের রামকাঠী গ্রামে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা। তারা গ্রামের খালেক হাওলাদার ও রহমান হাওলাদারসহ চার বিএনপি নেতার ঘরে ভাংচুর ও লুটপাট চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
পাল্টাপাল্টি সংঘর্ষের পর র্যাব ও পুলিশ আহত অবস্থায় বিএনপির তিন কর্মীকে আটক করে। এরা হলেন- আব্দুল হাই হাওলাদার, রহমান হাওলাদার ও সবুজ হাওলাদার।
রাত ১২টার দিকে পুলিশ বিএনপি নেতা শামীমসহ ৪০ নেতাকর্মীকে আটক করে।
কাউনিয়া থানার এএসআই হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের সময় ২৫/৩০ রাউন্ড গুলি হয়েছে। দুইপক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত অহত হয়েছে।
এদিকে রাতে আহত আওয়ামী লীগ নেতাদের দেখতে হাসপাতালে যান সিটি মেয়র শওকত হোসেন হিরন।
তিনি সাংবাদিকদের বলেন, গুলিতে চেয়ারম্যান মুন্নার মাথার চামড়া ছিলে গেছে। তবে তার অবস্থা গুরুতর নয়।
স্থানীয়রা জানায়, ইউপি চেয়ারম্যান মুন্না আয়োজিত একটি পিকনিকের পাল্টা হিসেবে ওই পিকনিক আয়োজন করেন উপজেলা ভাইস চেয়ারম্যনা ও বিএনপি নেতা শামীম।
শুক্রবার পিকনিকের জন্য বৃহস্পতিবার রামকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্যান্ডেল সাজানো হয়।
মুন্না ওই পিকনিকে বিএনপি নেতা শামীমকে উপস্থিত না হতে বলেন। কিন্তু বৃহস্পতিবার শামীম প্যান্ডেলে উপস্থিত হলে তা ভেঙে দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এই খবর পেয়ে শামীম দুইটি ট্রলারে সশস্ত্র অবস্থায় কামকাঠী বিদ্যালয় এলাকায় যান। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি চলতে থাকে।
কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
