‘গোল্ডস্টাইন এ দেশে রাজনীতি করলেই পারেন’
বিশ্ব ব্যাংকের বিদায়ী কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টাইনের বাংলাদেশের রাজনীতিতে যোগ দেয়া উচিৎ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে পদ্মা সেতু প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, বিশ্ব ব্যাংক জানুয়ারির মধ্যে সাড়া না দিলে বিকল্প ব্যবস্থায় সেতুর নির্মাণ কাজ শুরু হবে।
এক সাংবাদিক প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে মুহিতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জানুয়ারির মধ্যে অর্থায়নের সিদ্ধান্ত জানানো সম্ভব নয় বলে গোল্ডস্টাইন ইতোমধ্যে জানিয়েছেন।
অর্থমন্ত্রী এ সময় বলেন, “উনি তো (গোল্ডস্টাইন) কতো কথাই বলেছেন। তিনি বলেছেন, তিনি নাকি খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব। উনি বিশ্ব ব্যাংকের চাকরি ছেড়ে এখানে এসে রাজনীতি শুরু করলে ভাল হয়।”
চলতি মাসেই ঢাকায় দায়িত্বের মেয়াদ শেষ করতে যাওয়া গোল্ডস্টাইন গত শনিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এক অনুষ্ঠানে পদ্মা প্রকল্প নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
ওই অনুষ্ঠান চলাকালেই বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়, ফেব্রুয়ারিতে ঢাকায় এই সংস্থার মিশন প্রধানের দায়িত্ব নিচ্ছেন সালমান জহির। নতুন আবাসিক প্রতিনিধি না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
২০০৯ সালের নভেম্বরে ঢাকায় মিশন প্রধানের দায়িত্ব নেয়া গোল্ডস্টাইন বলেন, “দুর্নীতির অভিযোগ ওঠার পর তার শক্তিশালী তদন্তের জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি, তা মাইল ফলক হয়ে থাকবে।
“আমি জানি পদ্মা সেতুর সঙ্গে আমার নাম সব সময়ই জড়িয়ে থাকবে। কারণ যথাযথ প্রমাণের ওপর ভিত্তি করে আমি বিশ্ব ব্যাংকের হয়ে দুর্নীতির ষড়যন্ত্র তদন্তের ব্যাপারে জোর দিয়ে যাচ্ছি।”
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা। তবে দুর্নীতির অভিযোগ তুলে তারা অর্থায়ন স্থগিত এবং বাতিল করলে দেশের দীর্ঘতম সেতু নির্মাণের কাজ আটকে যায়।
সরকারের নানামুখী তৎপরতায় বিশ্ব ব্যাংক প্রকল্পে ফিরলেও দুর্নীতি দমন কমিশনের তদন্তের ফলাফল পর্যবেক্ষণ করে অর্থ দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।
বিশ্ব ব্যাংকের অর্থ না পেলে অর্থায়নের বিকল্প উপায় সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, “এখনো তিনজন দাতা এরসঙ্গে রয়েছেন। আরো দুজন দাতা অংশগ্রহণ করতে ইচ্ছুক। এটি একটি জটিল অবস্থা।”
তবে বিশ্ব ব্যাংকই শেষ পর্যন্ত অর্থ দেবে বলে অর্থমন্ত্রীর বিশ্বাস।
“ফাইনালি থাকবার সিদ্ধান্তই তারা নিয়েছেন। তবে কখন তারা কাজ শুরু করবেন তা বোঝার উপায় নেই।”
বিশ্ব ব্যাংক না থাকলে এডিবি, আইডিবি বা জাইকা পদ্মা প্রকল্পে থাকবে কী না-এ প্রশ্নের জবাবে মুহিত বলেন, “সেটা আমরা আলোচনা করছি।”
পদ্মা সেতু নির্মাণে এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং আইডিবি ১৪ কোটি ডলার দেয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করেছিল।
