‘পেপার স্প্রে লাঠিপেটার বিকল্প’
বহুল আলোচিত পেপার স্প্রে প্রয়োগের বিষয়ে ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, লাঠিপেটার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার অংশ হিসেবে এই তরল গ্যাস ব্যবহার হচ্ছে।
পুলিশের সাম্প্রতিক এই অস্ত্র নিয়ে সমালোচনার মধ্যে শনিবার মিডিয়া সেন্টারে তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের কোন কনস্টেবল লাঠি নিয়ে তেড়ে আসছে, আর এটা পরের দির পত্রিকায় প্রকাশিত হয়েছে, তা থেকে আমরা বেরিয়ে আসতে চাই।”
পেপার স্প্রে ব্যবহার বিশ্বের বিভিন্ন দেশেই হচ্ছে বলেও দাবি করেন কমিশনার বেনজীর।
তিনি বলেন, “যে মাত্রায় ক্ষতিকর একে বলা হচ্ছে, এটি সেই রকম নয়। সর্ব্বোচ ৪০ মিনিট এর ক্রিয়া থাকে।”
আমদানি করা পেপার স্প্রের রাসায়নিক উপাদান দেশে পরীক্ষা করা হয়েছে কি না- জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, “আমাদের দেশের কেমিস্টদের এ বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই।”
নর্থ ক্যারোলাইনা মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ওসি স্প্রে বা পেপার স্প্রেতে পানি, অ্যালকোহল, কার্বনডাইঅক্সাইড, হ্যালোজেনেটেড হাইড্রোকার্বন (ফ্রেয়ন, টেট্রাক্লোরোথাইলিন, মিথাইলিন ক্লোরাইড) রাসায়ানিকও ব্যবহার করা হয়।
এসব রাসায়নিকের প্রভাবে কোনো কোনো ক্ষেত্রে শ্বাস-প্রশ্বাসের ব্যাঘাত ঘটিয়ে আকস্মিক মৃত্যুও ঘটাতে পারে বলে ওই প্রতিবেদনে বলা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এই ‘অস্ত্র’ আমেরিকা থেকে আমদানি করা হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।
সংবাদ সম্মেলনে পেপার স্প্রে ব্যবহার সংক্রান্ত ইন্টারনেট থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন বেনজীর আহমেদ।
তিনি জানান, এশিয়ার ভারতসহ ছয়টি দেশ আগে থেকেই এটি ব্যবহার করে আসছে। বাংলাদেশ নতুন করে যুক্ত হলো। দিল্লিতে নারীরা ব্যাক্তিগত নিরাপত্তার জন্য সীমিতভাবে ব্যবহার করে থাকে। এছাড়া আমেরিকা অস্ট্রেলিয়া ছাড়াও ইউরোপের ২০টি দেশের আইনশৃঙ্খলা বাহিনী এই পেপার স্প্রে ব্যবহার করে।
পেপার স্প্রে বিভিন্ন দেশে ওসি স্প্রে (ওলেওরেসিন ক্যাপসিকাম), ওসি গ্যাস ও ক্যাপসিকাম স্প্রে নামেও পরিচিত।
পুলিশ কমিশনার বলেন, গণমাধ্যমে এই গ্যাসের কারণে মানবদেহে ক্যান্সারসহ নানা ক্ষতির আশঙ্কার কথা উল্লেখ বলা হলেও এর কোনো ভিত্তি নেই।
তিনি জানান, আরো আধুনিক জিনিস আনার প্রক্রিয়া চলছে। তবে কি আনা হবে সে ব্যাপারে তিনি কোন কিছু বলেননি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, পুলিশ শিক্ষকদের ওপর কোন পেপার স্প্রে ব্যবহার করেনি। অবৈধ সমাবেশ থেকে পুলিশের ওপর যারা হামলা চালিয়েছে তাদের ওপর এটি ব্যবহার করা হয়েছে।
প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সরকারের অনুমতি নিয়ে সাধারণ মানুষও ব্যক্তিগত নিরাপত্তার জন্য এই স্প্রে ব্যবহার করতে পারবেন বলে মত দেন পুলিশ কমিশনার।
