২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

`পেপার স্প্রে আন্তর্জাতিক কনভেনশনে অনুমোদিত'

পুলিশের পেপার স্প্রে ব্যবহার নিয়ে সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিশৃঙ্খলা ঠেকানোর এই উপকরণ আন্তর্জাতিক কনভেনশনে অনুমোদিত। সুতরাং এর ব্যবহার নিয়ে কারো ভিন্ন মত দেয়ার ‘অধিকার’ নেই।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 12:50 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

Image
গত ১০ জানুয়ারি শিক্ষকদের ওপর পেপার স্প্রে নিক্ষপ।

গত ১০ জানুয়ারি শিক্ষকদের ওপর পেপার স্প্রে নিক্ষপ।

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক এবং বামপন্থী দলগুলোর হরতালে নেতাকর্মীদের ওপর পুলিশ ব্যাপক হারে এই ঝাঁঝালো গ্যাস ব্যবহারের পর পেপার স্প্রে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এই স্প্রে ব্যবহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। বিএনপির পক্ষ থেকেও এজন্য মন্ত্রীর বিচার চাওয়া হয়েছে।

শুক্রবার চাঁদপুরের কচুয়ায় মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, অবৈধ সমাবেশ দমন করার জন্যে, ভাংচুর ও নৈরাজ্য বন্ধ করার জন্যে পেপার স্প্রে ব্যবহার করা হয়।

“যখন নৈরাজ্য বন্ধ করার জন্য নিরাপত্তা বাহিনী যায়, অবৈধ সমাবেশ দমন করার জন্য নিরাপত্তা বাহিনী যায় তখন নিরাপত্তা বাহিনী ফুলের মালা নিয়ে যাবে না, দমন করার উপকরণই নিয়ে যাবে।”

পেপার স্প্রে বিভিন্ন দেশে ওসি স্প্রে (ওলেওরেসিন ক্যাপসিকাম), ওসি গ্যাস ও ক্যাপসিকাম স্প্রে নামেও পরিচিত। এর মধ্যে এমন রাসায়নিক উপাদান রয়েছে, যা চোখে জ্বালাপোড়ার সৃষ্টি করে। এই গ্যাসের সংস্পর্শে আসামাত্র চোখে প্রদাহ সৃষ্টি হয়।

এই স্প্রের প্রভাবে আহত এক শিক্ষকের মৃত্যু হয়েছে বলে শিক্ষক নেতারা অভিযোগ করেছেন।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলে আসছেন, এই স্প্রের কারণে মৃত্যু হয় না। 

তিনি সাংবাদিকদের বলেন, “অবৈধ সমাবেশ দমন করার জন্যে বিশ্বব্যাপী আন্তর্জাতিক কনভেনশনে অনুমোদিত যেসব উপকরণ ব্যবহার করা হয়, তার মধ্যে এটা একটা। কাজেই এটা নিয়ে ভিন্ন মত দেয়ার অধিকার কারো নাই।”

এর আগে মন্ত্রী কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের একাদশ ও স্নাতক প্রথম বর্ষ শিক্ষার্থীদের নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বৃত্তি প্রদান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এছাড়া তিনি আশরাফপুর স্কুল মাঠ ও জগতপুর বাজারে শীতার্তদের  মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

পুরনো খবর:

আলোচনায় ‘পেপার স্প্রে’
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় বাম মোর্চাও
ঝাঁঝালো গ্যাস: মন্ত্রীর বিচার দাবি বিএনপির