স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় বাম মোর্চাও
বাম দলগুলোর হরতালের সময় নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পেপার স্প্রে (ঝাঁঝালো গ্যাস) প্রয়োগ করায় এবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাম মোর্চার কেন্দ্রীয় সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
বুধবারের ওই ‘শান্তিপূর্ণ’ হরতাল কর্মসূচিতে কথিত পুলিশি হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
এর আগে হরতাল ডাকা অন্যতম দুটি দল সিপিবি ও বাসদ স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের পদত্যাগ দাবি করে। এদিকে পেপার স্প্রে ব্যবহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার দাবি করেছে প্রধান বিরোধীদল বিএনপি।
সমাবেশে বাম মোর্চার সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “হরতালের মতো গণতান্ত্রিক কর্মসূচিতে এ ধরনের ফ্যাসিবাদী হামলা সরকারের অগণতান্ত্রিক মানসিকতারই প্রকাশ।”
বামপন্থী দলগুলোর বুধবারের হরতালে পুলিশের পেপার স্প্রের শিকার হন ছাত্র ইউনিয়ন নেত্রী মন্টি বৈষ্ণব। এছাড়া বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও বাম মোর্চার কেন্দ্রীয় নেতা মোশরেফা মিশুসহ অন্তত ৫০ জন আহত হন।
বিক্ষোভ দমনে পুলিশের পেপার স্প্রে ব্যবহার এটাই প্রথম নয়, এর আগে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপরও তা ব্যবহার করেছে পুলিশ।
পুলিশের সর্বসাম্প্রতিক এই ‘হাতিয়ার’ নিয়ে নানা প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। এটি ঝুঁকিপূর্ণ দাবি করে তা নিষিদ্ধের দাবি জানায় আক্রান্তরা।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পেপার স্প্রেতে কারো মৃত্যু হয় না।
মন্ত্রীর এই বক্তব্যের নিন্দা জানিয়ে সাকি বলেন, “মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর এই পেপার স্প্রে প্রয়োগের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর ওকালতি ন্যাক্কারজনক।
“এই হামলা এবং স্প্রে ব্যবহারের জন্য মন্ত্রীই দায়ী। জনগণ আর মহিউদ্দীন খান আলমগীরকে স্বরাষ্ট্র্রমন্ত্রী হিসাবে দেখতে চায় না। এর জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি।”
এভাবে হামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলনের পথ রুদ্ধ করা যাবে না বলে তিনি হুঁশিয়ার করে দেন।
অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার ও বিদ্যুতের দাম বৃদ্ধির ‘পাঁয়তারা’ বন্ধ করার দাবিতে পক্ষকালব্যাপী দেশব্যাপী গণসংযোগ ও বিদ্যুত অফিসের সামনে বিক্ষোভ, ৩০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ এবং ৩১ জানুয়ারি জ্বালানি মন্ত্রণালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচির ঘোষণাও দেন সাকি।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পর্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম।
