পুলিশি বাধায় রংপুরে বিএনপির কর্মসূচি পণ্ড
পুলিশের বাধায় রংপুরে বিএনপির সড়ক অবরোধ কর্মসূচি পণ্ড হয়ে গেছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তিসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রংপুর বিভাগের আট জেলায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত সড়ক অবরোধের ঘোষণা দেয় বিএনপি।
সকাল ৭টায় বিএনপি নেতাকর্মীরা রংপুর শহরের সিও বাজার এলাকায় রংপুর-দিনাজপুর সড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর সড়কের পাশে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করে বিএনপি নেতাকর্মীরা।
কর্মসূচি পালনে পুলিশি বাধার নিন্দা জানান রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন।
“বাধা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না,” বলেন তিনি।
এ বিষয়ে রংপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিএম জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যানবাহন চলাচল স্বাভাবিক রাখা আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। অবরোধ করে যানবাহন আটকে মানুষকে দুর্ভোগে ফেলার অধিকার কারো নেই। তাই সড়ক অবরোধ করতে গেলে তাদের বাধা দেয়া হয়।”
