২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া বিশ্ববিদ্যালয়: পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা

রংপুর প্রেসক্লাব চত্বরে একই সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবিরোধী আন্দোলনের পক্ষে-বিপক্ষের দুই দল কর্মসূচি পালনের ঘোষণা দেয়ায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 07:24 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

বৃহস্পতিবার ওই কর্মসূচি শুরুর আগের দিন বুধবার রাত ১২টায় এই আদেশ জারি করা হয়।

জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রেসক্লাব চত্বর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।”

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে কোনো পক্ষই সভা সমাবেশ, মিছিল ও মানববন্ধন করতে পারবে না বলে জানান তিনি। 

উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাব চত্বরে সমাবেশের কর্মসূচি দেয়। এজন্য মঙ্গলবার তারা প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিও নেয়।

তবে পরে ‘আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে একই চত্বরে সমাবেশ ডাকে রংপুর মহানগর নাগরিক কমিটি।

আন্দোলনকারী ‘সচেতন শিক্ষক সমাজের’ নেতা মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের আহ্বায়ক ড. আর এম হাফিজুর রহমান সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমাবেশ করার জন্য আমরা মঙ্গলবারই প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। বুধবার নাগরিক কমিটি আমাদের কর্মসূচি বানচাল করার জন্য একই সময়ে কর্মসূচি দেয়।”

উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে তিনি জানান।

অন্যদিকে নাগরিক কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম দুলাল বলেন, “আন্দোলনের নামে যারা নৈরাজ্য সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

উপাচার্য ড. আব্দুল জলিল মিয়ার ‘দুর্নীত’র প্রতিবাদে সচেতন শিক্ষক সমাজের ব্যানারে শিক্ষকরা এবং সম্মিলিত ছাত্র সমাজের ব্যানারে শিক্ষার্থীরা গত ৫ জানুয়ারি থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

গত ১০ জানুয়ারি আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগ নামধারী একদল হামলা চালায়। তখন অ্যাসিড নিক্ষেপ করায় গুরুতর আহত হন দুই শিক্ষক।

আহত দুই শিক্ষক ড. তুহিন ওয়াদুদ ও ড. মতিউর রহমান চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে বাসায় ফিরেছেন।

১০ জানুয়ারি হামলার পর বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয় প্রশাসন।