২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্তির ক্ষেত্রে অন্তরায় অর্থ: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের এমপিওভুক্তির দাবি মানার ক্ষেত্রে অর্থকে অন্তরায় হিসেবে দেখালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 08:26 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

শিক্ষকদের আন্দোলন থেকে সরে আসার অনুরোধ জানিয়ে তিনি শনিবার বলেছেন, “সরকারের আর্থিক সীমাবদ্ধতার কারণে এখনি ননএমপিওভুক্ত বিদ্যালয়গুলোকে এমপিওভুক্ত করা সম্ভবপর নয়।

“তবে এটি একটি চলমান প্রক্রিয়া। এ বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে। পর্যায়ক্রমে ননএমপিওভুক্ত বিদ্যালয়গুলো এমপিওভুক্ত করা হবে,” আশ্বাস দিয়েছেন তিনি।

এমপিওভুক্তির দাবিতে ঢাকায় গত পাঁচদিন ধরে আন্দোলন করছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে পুলিশি বাধার মধ্যেই তারা অনশন কর্মসূচি চালাচ্ছে।

শিক্ষকদের এই আন্দোলনের মধ্যে সিলেট স্টেডিয়ামে ৪২তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আর্থিক সমস্যার কথা জানান মন্ত্রী।

তিনি বলেন,সরকার ২ বছর আগে নতুন ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে।

“এমপিওভুক্তির জন্য সাড়ে ৫-৬ হাজার স্কুলের শিক্ষক আন্দোলন করছেন,কিন্তু চাইলেই তো আর হবে না।”

“জাতীয় বাজেটে শিক্ষাখাতের ৬৪ ভাগ টাকাই শিক্ষকদের বেতন বাবদ চলে যায়।”

এর আগে মন্ত্রী বেলুন উড়িয়ে ৪২তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। ২২২টি স্কুল ও মাদ্রাসার ৬৭২ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

পুরনো খবর:

অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের